ঈদের সময় আন্তজেলা বাসগুলোর অর্ধেকের মতো টিকিট সংরক্ষিত রাখা হয় ‘মুখচেনা’ লোকদের জন্য। এই মুখচেনা ব্যক্তিরা হলেন সারা বছরের নিয়মিত যাত্রী, স্থানীয় সাংসদ, রাজনীতিক, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের লোকজন। ফলে সাধারণ যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পান না। ঈদের সময় টিকিট নিয়ে যুদ্ধের কারণ খুঁজতে গিয়ে সড়ক পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তাঁরা বলেন, মূলত টিকিটের ‘কোটা সংরক্ষণ’ সাধারণ যাত্রীদের বিড়ম্বনার বড় কারণ। এর সঙ্গে যোগ হয় যানজট ও তার কারণে বাসের যাতায়াতের (ট্রিপ) সংখ্যা কমে যাত্রী বহনক্ষমতা কমে যাওয়া। ঈদের আগে বাসের টিকিট নিয়ে কাড়াকাড়ি, টিকিট কাউন্টারের সামনে লম্বা সারি—এসবই হয়ে উঠেছে ঈদের অনুষঙ্গ। বেশির ভাগ মানুষই প্রতিবছর ঈদে পরিবার নিয়ে বাড়ি যান। পরিবহনের কর্মকর্তারা বলেন, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকা শহরের প্রায় অর্ধেক লোক গ্রামের বাড়িতে যায়। উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, চট্টগ্রাম, সিলেট—সব পথেই টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। এ দুই থেকে তিন দিনের মধ্যে ১৫ লাখের বেশি মানুষ এসব পথে বাড়ি যায়। তাই টিকিট নিয়ে এ যুদ্ধ। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচলকারী এসআর ট্রাভেলসের মহাব্যবস্থাপক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, যেসব যাত্রী নিয়মিত তাঁদের গাড়িতে যাতায়াত করেন, ঈদের টিকিটের ক্ষেত্রে সব পরিবহনই তাঁদের অগ্রাধিকার দিয়ে থাকে। আর সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ, সাংবাদিকসহ এলাকাভিত্তিক প্রভাবশালী ব্যক্তিদের জন্য কিছু টিকিট সংরক্ষণ করে রাখতে হয়। সব মিলিয়ে প্রায় ৫০ শতাংশ টিকিট সংরক্ষিত থাকে। বাকি টিকিট লাইনে দাঁড়ানো মানুষের কাছে বিক্রি করা হয়। আলতাফ হোসেন দাবি করেন, ঈদের ট্রিপগুলো মোটেও লাভজনক নয়। কারণ, গাড়িগুলো ঢাকা থেকে যাত্রী ভর্তি হয়ে যায় ঠিকই, কিন্তু ফেরার সময় অনেক আসন খালি ফেরে। কিন্তু ঈদের সেবার ওপর সারা বছরের ব্যবসা অনেকখানি নির্ভর করে। প্রায় সব পরিবহনেই সাধারণত ঈদের ১৫ দিন আগে কাউন্টারগুলো থেকে টিকিট ছাড়া হয়। কিন্তু নিয়মিত যাত্রীদের জন্য এর দু-তিন দিন আগে একটা স্লিপের (টোকেন) ব্যবস্থা করেন তাঁরা। এসব যাত্রী ফোনে যোগাযোগ করে টিকিট বুকিং করেন বা স্লিপ সংগ্রহ করেন। তাঁদের আর লাইনে দাঁড়াতে হয় না, ওই স্লিপ দেখিয়ে তাঁরা পরে টিকিট নেন। হানিফ এন্টারপ্রাইজের বাস পরিচালনাকারী কর্মকর্তা বলাই চন্দ্র সরকার বলেন, কিছু থাকে নিয়মিত যাত্রী। এর পর থাকে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, পুলিশ, সাংবাদিক—এঁদের সবাইকে তো টিকিট দিতে হয়। উত্তরবঙ্গেও কয়েকটি রুটে চলাচলকারী ছোট পরিবহন সংস্থা বাবলু এন্টারপ্রাইজের একজন কর্মকর্তা বলেন, তাঁদের গাড়ির সংখ্যা কম, গাড়িগুলোও অপেক্ষাকৃত পুরোনো। শুধু ঈদের সময় যাতায়াতের সুবিধার জন্য সারা বছরই কিছু মানুষ তাঁদের গাড়িতে নিয়মিত ভ্রমণ করেন, সম্পর্ক তৈরি করেন। ফলে ঈদে তাঁরা অগ্রাধিকার পান। তবে শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, তাঁরা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পুরো টিকিট বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করছেন। কোথায় টিকিট ফাঁকা আছে তা কম্পিউটারে দেখা যাবে। সুতরাং, অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ তদবির হতে পারে—এ বিবেচনায় আমরা গাড়ি ছাড়ার আগ পর্যন্ত প্রতি গাড়িতে দুটি করে টিকিট হাতে রাখি।’ টিকিট সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধ বা বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই দাবি করে রমেশ চন্দ্র বলেন, ‘অনেক বেসরকারি চাকরিজীবী যাঁদের ঈদের আগের দিন পর্যন্ত কাজ করতে হয়, তাঁরা শেষ মুহূর্তে এসে হয়তো হইচই করেন। এর জন্য আমরা প্রস্তুত থাকি।’এই গেল টিকিট কাউন্টারের ভেতরে যাঁরা থাকেন তাঁদের কথা। মালিকদের আত্মপক্ষ সমর্থন। কিন্তু কাউন্টারের সামনের চিত্রটি কেমন?গতকাল সোমবার হানিফ, শ্যামলী, এসআর, সাকুরা, নাবিল, ন্যাশনাল, আগমনী ও সৌদিয়া পরিবহনের কাউন্টারগুলো ছিল প্রায় ফাঁকা। অফিস খোলার দিন বলে লোকজনের চাপ ছিল না কাউন্টারে। গতকাল এসব কাউন্টারে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে অল্প কিছু। কাউন্টার-কর্মীরা বলছেন, টিকিট বিক্রি প্রায় শেষ। তবে আগামী শুক্রবার ছুটির দিনে আরেক দফা যাত্রীদের চাপ তৈরি হবে।লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে জনতা ব্যাংকের মুখ্য কর্মকর্তা (পিও) আহসান হাবিব বলেন, সেহির খেয়ে শুক্রবার ভোর চারটার দিকে হানিফ এন্টারপ্রাইজের গাবতলী বালুরমাঠ কাউন্টারে লাইনে দাঁড়ান তিনি। লাইনে দাঁড়ানো লোকজন নিজেরাই একটি তালিকা করছিলেন। তাতে আহসানের নম্বর পড়ে ৭৯। সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে কাউন্টারের পেছনে দাঁড়ানো ব্যক্তিটির মুখোমুখি হন আহসান। তাঁর প্রায়োজন ছিল ৭ আগস্ট রাতের পাঁচটি টিকিট। কিন্তু তিনি ৭ আগস্ট রাতের গাড়িতে একটি, দুপুরের গাড়িতে দুটি আর ৮ আগস্ট সকালের গাড়িতে একটি টিকিট পেয়েছেন। আরেকটি টিকিট এখনো মেলেনি।টিকিট নিয়ে সাধারণ মানুষের অভিযোগ আর ভোগান্তির শেষ নেই। লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি বা পছন্দের টিকিট পাননি এ রকম লোকের সংখ্যা অনেক। এসআর পরিবহনের আলতাফ বলেন, বেশির ভাগ সময়ই মানুষ একা ভ্রমণ করলেও ঈদে পুরো পরিবার নিয়ে বাড়ি যান। একেকটি পরিবারের সদস্য, গৃহকর্মীসহ পাঁচ থেকে ১০টি টিকিট লাগে। এ রকম চার বা পাঁচটি পরিবার হলেই তো একটি গাড়ি ভরে যায়। একটি গাড়িতে ৩৬ থেকে ৪০টি আসন থাকে।হানিফ এন্টারপ্রাইজের পরিচালন কর্মকর্তা বলাই চন্দ্র সরকার বলেন, শেষ দু-তিন দিন চাপ খুব বেশি থাকে। এ ঈদে ৫, ৬ ও ৭ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অন্য ঈদে বন্ধের আগে সাপ্তাহিক ছুটির দিন পড়ার কারণে মানুষ দু-তিন দিন সময় নিয়ে যেতে পেরেছে। কিন্তু এবার ঈদের বন্ধ পড়েছে সরকারি ছুটির দিনে। তাই চাপ প্রচণ্ড।সড়কপথে ঈদের আগের তিন দিনেই ১৫ থেকে ২০ লাখ লোক ঢাকা ছাড়েন বলে জানান বলাই চন্দ্র সরকার।