বাসের আগাম টিকিট আছে, নেই!
ঈদে ঘরে ফেরার আগাম টিকিট কিনতে কল্যাণপুরে বিলাসবহুল বাসের কাউন্টারে গিয়েছিলেন নাটোরের বাসিন্দা আসাদ খান। সব কাউন্টার থেকে তাঁকে বলা হলো, আগাম টিকিট শেষ হয়ে গেছে। আসাদের মতো একই অবস্থা মাহবুব হোসেনের। কল্যাণপুরে কাউন্টার-গুলোতে অনেক অনুনয়-বিনয় করেও নিজের জন্য একটি টিকিট জোগাড় করতে পারেননি তিনি।গতকাল শনিবার রাজধানীর কল্যাণপুরে গিয়ে দেখা গেছে যে কাউন্টারগুলোতে চলতি টিকিট বিক্রি হলেও আগাম টিকিট নেই। তবে গাবতলীতে গিয়ে বেশ কয়েকটি কাউন্টারে ‘অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে’ বলে সাইনবোর্ড টাঙানো দেখা যায়। জানা গেছে, সেখানে সাধারণ বাসের আগাম টিকিট পাওয়া গেলেও চেয়ারকোচের আগাম টিকিট তেমন পাওয়া যাচ্ছিল না। মহাখালী টার্মিনালে কয়েকটি কাউন্টারে গিয়ে দেখা গেছে, সেখানে আগাম টিকিট বিক্রিই করা হচ্ছে না।ঢাকা বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদ সদস্য মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, চেয়ারকোচের কাউন্টারগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে। সব কাউন্টারেই অগ্রিম টিকিট বিক্রি হয় বলে দ্রুত শেষ হয়ে যায়। মিরাজুল ইসলাম নামের একজন টিকিটপ্রত্যাশী অভিযোগ করেন, আগাম টিকিটের কথা বলে টিকিটপ্রত্যাশীদের দুর্ভোগে ফেলা হচ্ছে। আগাম টিকিট নেই বলা হলেও ঈদের আগে বেশি দামে এসব টিকিট ছাড়া হয়। গাবতলীতে অ্যাসোসিয়েশনের অভিযোগ কেন্দ্রে গেলে একজন কর্মকর্তা বলেন, প্রায়ই এ ধরনের অভিযোগ আসছে। কিন্তু কোনো সুরাহা হয় না। এটা কেন হয়, তা যাঁরা করেন, তাঁরাই ভালো জানেন।গাবতলী টার্মিনালে আসা সিরাজ নামের একজন টিকিটপ্রত্যাশী বলেন, গত ঈদে তিনি এ সমস্যায় পড়েছিলেন। পরে ঈদের আগের দিন নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়ে টিকিট কিনে ঝিনাইদহ গিয়েছিলেন।মহাখালীর টিকিটপ্রত্যাশীরা জানান, এ টার্মিনালে কোনো আগাম টিকিট বিক্রি হয় না। এখানে কাউন্টার থেকে সব সময় চলতি টিকিট বিক্রি হয়ে থাকে। জানতে চাইলে মহাখালীর এনা পরিবহনের বিক্রেতা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ টার্মিনাল থেকে ১৫ মিনিট পরপর বাস ছাড়া হয়। এ কারণে আগাম টিকিটের দরকার হয় না।ভাড়া: গাবতলীতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা মো. শামীম বলেন, চলতি সময়ে তাঁরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম দামে টিকিট বিক্রি করছেন। ১ নভেম্বর থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হবে। এ জন্য নতুন তালিকাও দেওয়া হবে বলে তিনি জানান। ঈগল পরিবহন, হানিফ পরিবহনসহ বেশ কয়েকটি পরিবহনের টিকিট বিক্রেতারাও একই তথ্য জানান।তবে নতুন তালিকার কথা অস্বীকার করে অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের একজন সদস্য জানান, সরকার প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করেছে। সব কাউন্টারে এর তালিকাও রয়েছে। বর্তমানে যাত্রী কম বলে কম নেওয়া হচ্ছে। ১ নভেম্বর থেকে নির্ধারিত মূল্যই নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ পাওয়ামাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।