বাসের একতলায় মন্ত্রীরা, দোতলায় উপদেষ্টারা: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. কামাল হোসেন ও ড. ইউনূসসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আপনারা মহাজোটের ওপর রাগ করতে পারেন। কিন্তু বিএনপি-জামায়াতকে মাথায় তুলবেন না। মহাজোটের ভুলত্রুটি থাকলে সমালোচনা করুন—শুধরে দিন।’আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ইনু এ কথা বলেন।হাসানুল হক ইনু প্রতীকী হিসেবে কামাল হোসেন, মুহাম্মদ ইউনূস, ব্র্যাকের ফজলে হাসান আবেদ, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, অধ্যাপক জাফর ইকবাল এবং রাজনৈতিক অঙ্গনে বদরউদ্দিন উমর, মঞ্জুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, আনু মোহম্মদের নাম উল্লেখ করেন।সরকারের সমালোচনা করে মহাজোটের এই সাংসদ বলেন, ‘সরকার ও প্রশাসনের সমন্বয়হীনতা এবং মন্ত্রী-উপদেষ্টাদের বাক-চপলতা নিয়েও মানুষ হতাশ, বিরক্ত। মন্ত্রীরা এক রকম বলেন, উপদেষ্টারা আরেক রকম বলেন। এ যেন দোতলা বাস। একতলায় মন্ত্রিবর্গ। দোতলায় উপদেষ্টাবৃন্দ। দোতলা বাস ধীরেই চলে। ছোট গাড়ি দ্রুত চলে। সরকারের কাজের গতি বাড়ানো দরকার।’ তিনি বলেন, সরকারের তরফ থেকে কিছু ব্যক্তি কিছু সামাজিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে অহেতুক শত্রুতা তৈরি করার বেশ কিছু ঘটনাও মানুষকে ক্ষুব্ধ ও বিরক্ত করেছে।হাসানুল হক ইনু বলেন, অনেকেই শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সমঝোতার কথা বলেন, দুই নেতার মিটমাটের কথা বলেন। এটা ইদানিং ফ্যাশনে পরিণত হয়েছে। তাঁরা বুঝতেই চান না, যে এটা দুই নেতার ক্ষমতার লড়াই না। এটা নেতা-নেত্রীর বা দলের সঙ্গে সমঝোতা না। এটা নীতির ভিত্তিতে সমঝোতা। তিনি বলেন, সেনাবাহিনীকে উসকানি দেওয়া হচ্ছে। এই কয়েক দিন আগে সেনাবাহিনীর ভেতরে ষড়যন্ত্রের ঘটনা প্রকাশিত হয়েছে। এখনো তাই সাংবিধানিক ধারা নিরাপদ না। বিপদ এখনো কাটেনি।মহাজোটের এই সাংসদ বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা ও প্রশ্ন জিইয়ে রাখতে চাই না—সংলাপ চাই, সমাধান চাই। অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা দ্রুত সমাধান চক্রান্তের রাজনীতি দুর্বল করবে।’খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, ‘প্রধানমন্ত্রীর আসনটাকে আপনার নিজের চিরস্থায়ী সম্পদ হিসেবে ধরে নিয়েছেন। এখানে অন্যের বসা আপনি সহ্য করেন না। ক্ষমতার জন্য যা ইচ্ছা, তা করতে পারেন। এমনকি আইএসআইয়ের পাঁচ কোটি রুপিও আপনি নির্বাচনে জেতার জন্য নিতে পারেন। এটা গণতন্ত্র না।’জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা বলেন, আমলাদের ওপর নির্ভর করে দেশ পরিচালিত হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে লুটেরা চক্র। কায়েমি স্বার্থবাদীদের লুটপাটে দেশ অস্থির। ভারতের সমালোচনা করে তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে মনমোহন সিংয়ের বক্তৃতা আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন। ভারতের উচিত পানির হিস্যা বুঝিয়ে দেওয়া।আলোচনা আরও অংশ নেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, চিফ হুইপ আবদুস শহীদ প্রমুখ।পয়েন্ট অব অর্ডার: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ফজলুল আজিম বলেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ সংবাদ জানতে সমগ্রজাতি উত্কণ্ঠার সঙ্গে অপেক্ষা করছে। আগে সংবাদমাধ্যমের উত্স থেকে এ বিষয়ে খবরাখবর পেয়ে থাকলেও উচ্চ আদালতের নির্দেশের কারণে সংবাদমাধ্যম এ বিষয়ে খবর পরিবেশন করছে না। যে কারণে আসল ঘটনা উদঘাটিত হচ্ছে না। বিষয়টি নিয়ে জাতি হতভম্ব হয়ে আছে।