বাসের চাকায় কলেজছাত্রের প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চাকায় প্রাণ গেল আরও এক কলেজছাত্রের। এ মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকা ছিল সংঘাতপূর্ণ। পুলিশের সঙ্গে ছাত্র ও এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরিবহনকর্মীদের সঙ্গেও বিক্ষুব্ধ লোকজনের মারামারি হয়েছে।গতকাল নিহত শাওন আহমেদ (১৯) মিরপুরে অবস্থিত ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ শেষে বাড়ি ফেরার পথে তিনি বাসের তলায় পড়েন। এর আগে গত ২ জুলাই রাজধানীর ফার্মগেটে বাসের তলায় পড়ে প্রাণ হারায় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জেসন জেভিয়ার গোমেজ (১৭)।নিহত শাওনের বাসা মিরপুর বেনারসি পল্লি এলাকায়। সেখানে তাঁর বাবা ইকবাল হোসেনের দোকান রয়েছে। ছাত্রের মৃত্যুর জের ধরে গতকাল আগারগাঁও থেকে শুরু করে বৃহত্তর মিরপুরের চারটি থানা এলাকায় বিক্ষিপ্তভাবে ৫০টির বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি বাস। এ সহিংস প্রতিবাদের সময় রোকেয়া সরণি, চিড়িয়াখানা সড়ক ও বেনারসি পল্লি এলাকায় অনেক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল।উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার কমার্স কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রদের অভিযোগ, রাস্তায় গাড়ি ভাঙচুরের পর দুপুরের দিকে মিরপুর এলাকায় কলেজের আকাশি পোশাকধারী ছাত্র দেখামাত্রই পিটিয়েছে পুলিশ। কয়েকটি এলাকায় পরিবহনকর্মীরাও কলেজ ছাত্রদের মারধর করে। বাসকর্মীদের অভিযোগ, পুলিশের নিস্পৃহতার কারণে ইচ্ছেমতো বাস ভাঙচুর করেছে ছাত্র ও সুযোগসন্ধানীরা। তবে পুলিশের দাবি, কোনো ছাত্রকে মারা হয়নি।কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের অদূরে (‘অরিজিনাল ১০’ নামে পরিচিত) রাস্তা পার হওয়ার সময় বিকল্প পরিবহনের একটি বাসের তলায় পড়েন শাওন আহমেদ। বাসের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা শাওনকে দ্রুত স্থানীয় আল-হেলাল হাসপাতালে নেন। সেখান থেকে আজমল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে বিক্ষুব্ধ মানুষ গাড়িতে আগুন দেয়।শাওনের মৃত্যুর পর তাঁর বিক্ষুব্ধ সহপাঠীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। চিড়িয়াখানা সড়কে অবস্থিত কলেজ থেকে কিছু ছাত্র লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙতে ভাঙতে মিরপুর ২ নম্বর হয়ে ১০ নম্বরে আসে। কিছু ছাত্র শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় ভাঙচুর করে। এসব ছাত্রের পরনে ছিল কলেজের পোশাক আকাশি রঙের শার্ট। কিছুক্ষণ পরই শোনা যায়, আগারগাঁও এলাকাতেও ভাঙচুর হয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, আগারগাঁও থেকে শুরু করে শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুর ১০ নম্বর এলাকা পর্যন্ত রাস্তার ওপর পড়ে রয়েছে প্রচুর কাচ। স্থানীয়রা বলেন, কোত্থেকে একদল লোক এসে এই ভাঙচুর করে। তবে তাদের পরনে কলেজের ইউনিফর্ম ছিল না। কাজীপাড়ায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় রোকেয়া সরণি, চিড়িয়াখানা সড়ক, মিরপুর ১০ নম্বর থেকে সাড়ে ১১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা তিনটার দিকে পরিস্থিতি একটু শান্ত হয়। চিড়িয়াখানা সড়ক ছাড়া বাকি সড়কগুলোতে যান চলাচল শুরু হয়। এর মধ্যে বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা আটকে গাড়ি ভাঙচুর করে বেনারসি পল্লির বিক্ষুব্ধ এলাকাবাসী।বেলা চারটার দিকে কলেজ ছুটির সময় ছাত্ররা আরেক দফা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা লাঠিসোঁটা নিয়ে গিয়ে স্টেডিয়াম এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।বিকেলে কলেজের সামনে হ্যান্ডমাইক নিয়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের ভাঙচুর না করে নিজ নিজ বাসায় যেতে বলে। অনেক অভিভাবক এসে সন্তানদের বাড়ি নিয়ে যান। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ভাঙচুরের ভয়ে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বাস কম নেমেছে।পুলিশের ভূমিকা: বিকেল চারটার দিকে কলেজের সামনে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছিল প্রায় ১০০ ছাত্র। অদূরেই রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সাত-আটজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। ছাত্ররা এগোয় তো পুলিশ পেছায়। শেষ পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় ছাত্ররা কয়েকটি গাড়ি ভাঙচুর করে কলেজের সামনে ফিরে যায়। অনেক জায়গায় ভাঙচুরের সময় কোনো পুলিশই ছিল না।কেন এই অবস্থা, জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশ এসেছে আব্দুল গণি রোডের (সচিবালয় সড়ক) নিয়ন্ত্রণকক্ষ থেকে। ঘটনার পর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রচণ্ড যানজটের মধ্যে পুলিশ সদস্যদের দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে। এ জন্য অনেক সময় লেগেছে। এ ছাড়া ছাত্ররা ও কিছু সুযোগসন্ধানী লোক ছোট ছোট দলে চারটি থানা এলাকাজুড়ে ভাঙচুর চালিয়েছে। যে জায়গায় পুলিশ মোতায়েন ছিল, তারা অন্যত্র সরে গিয়ে ভাঙচুর চালায়।