খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আজ মঙ্গলবার ওই বিশ্ববিদ্যালয়েরই একটি বাসের চাপায় নিহত হয়েছেন। তাঁর নাম হাদিউল ইসলাম। তিনি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি খুলনার বানিয়াখামার এলাকায়।এ ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তাঁরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ভবন, একাধিক পরীক্ষাগার ও খুলনা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ক্লাস শেষে বাসায় ফেরার উদ্দেশে ক্যাম্পাসের চার রাস্তার মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন হাদিউল। বেলা দেড়টার দিকে বাসটি চার রাস্তার মোড়ে পৌঁছালে তিনি ইশারায় থামতে বলেন। কিন্তু বাসটি না থামিয়ে উল্টো গতি বাড়িয়ে দেন চালক। এ সময় হাদিউল দৌড়ে বাসে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি নিচে পড়ে যান। এতে বাসের চাকায় তাঁর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।শিক্ষার্থীদের ভাঙচুর: দুর্ঘটনার এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাঙচুর করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে গিয়েও হামলা চালান। আগুন ধরিয়ে দেন পুলিশের একটি মোটরসাইকেলে। বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা ওই বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থ ও রসায়ন বিভাগের পরীক্ষাগারে ভাঙচুর চালানো হয়। বাসচালক ও তাঁর সহকারীকে খুঁজে না পেয়ে শিক্ষার্থীরা কর্মচারীদের কোয়ার্টারে গিয়ে ভাঙচুর চালান। জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও বাইরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হবে।