বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটে আজ মঙ্গলবার দুপুরে চলন্ত বাসে ওঠার সময় ওই বাসের চাকার নিচে পড়ে মারা গেছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুজিবুল আরেফিন (২০)। তিনি গ্রিন রোডে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তেজগাঁও থানা সূত্র জানায়, আজ দুপুর সোয়া দুইটার দিকে মুজিবুল আরেফিন ফার্মগেট আনন্দ সিনেমা হলের উত্তর দিকে ইউনাইটেড সার্ভিস পরিবহনের একটি চলন্ত বাসে উঠতে যান। এ সময় পা ফসকে তিনি ওই বাসের পেছনের চাকায় চাপা পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, চালকসহ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।মুজিবুল আরেফিন তাঁর মামা আশিকুল ইসলামের সঙ্গে মোহাম্মদপুর টাউন হলের একটি মেসে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুর শহরের খামারপাড়ায়। বাবা মোফাজ্জল হোসেন রংপুরের একটি ব্যাংকের কর্মকর্তা। দুই ভাই এক বোনের মধ্যে মুজিবুল বড়।