বাসের ধাক্কায় আহত পুলিশের মৃত্যু
‘আমরা আইনের লোক। আইন দিয়ে কী হবে, তা আমরা জানি। তাই ময়নাতদন্ত ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। এখানে দুঃখ করা ছাড়া আর কিছুই করার নেই।’রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার চিকিত্সাধীন অবস্থায় মারা যান বাসের ধাক্কায় আহত গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলী হায়দার শরীফ (৪৮)। ময়নাতদন্ত করা হয়েছে কি না, জানতে চাইলে গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা এভাবেই তাঁর হতাশা ব্যক্ত করেন। এমন মৃত্যুতে আরও অনেক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদকের কাছে তাঁদের হতাশা প্রকাশ করেন।সূত্র জানায়, আলী হায়দার রাজধানীর উত্তরা এলাকায় এক বাসায় থাকতেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি সেখান থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। বারিধারা এলাকায় ঢোকার পর মাওয়া থেকে উত্তরাগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আলী হায়দার। তাঁকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।গুলশান থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, ওই দিন শুক্রবার ছুটির দিন থাকায় সড়ক ছিল ফাঁকা। সকাল বেলায় গাড়িও ছিল কম। এ সুযোগে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। ঘটনার পর জনতার সহায়তায় পুলিশ চালকসহ বাসটি আটক করে। চালকের নাম আসাদ তালুকদার (৩০)। আলী হায়দারের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের গোপীনাথপুরে।