চট্টগ্রামে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, আগুন
বাসের ধাক্কায় পলিটেকনিক ছাত্রসহ দুজন নিহত
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে প্রতিষ্ঠানটির ছাত্ররা বায়েজিদ বোস্তামি সড়ক ও সিডিএ এভিনিউ প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। অবরোধকালে তাঁরা ৩৫-৪০টি গাড়িতে ভাঙচুর এবং একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে শহরতলীর অক্সিজেন মোড়ে টেম্পোতে ওঠার সময় শহর এলাকার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম ওরফে পাপ্পু (২২) ও পথচারী মো. আবসার মিয়াকে (২৪) একটি বাস ধাক্কা দেয়। দ্রুত তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। আবসারের বাড়ি শহরতলীর বালুছড়া ও পাপ্পুর বাড়ি জালালাবাদ এলাকায়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।সকালে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পলিটেকনিকের বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে রুবি গেইট এলাকায় বায়েজিদ সড়ক ও সিডিএ এভিনিউয়ে অবরোধ সৃষ্টি করে। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কর্মী-সমর্থকদের এ অবরোধের নেতৃত্ব দিতে দেখা যায়। অবরোধকারীরা ওই সড়কে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করে এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবরোধকারীদের ধাওয়া ও লাঠিপেটা করে। এতে পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন, অর্থ সম্পাদক মহিবুল হক, স্থানীয় যুবলীগ নেতা আবদুল কুদ্দুসসহ ছয়-সাতজন আহত হন। এরপরই গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।তবে পলিটেকনিক ছাত্রলীগের অর্থ সম্পাদক মহিবুল হক দাবি করেন, ‘আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি। শান্তিপূর্ণ অবরোধ চলাকালে কিছু বহিরাগত এসে গাড়ি ভেঙেছে।’জানা গেছে, ছাত্রদের অবরোধের কারণে বায়েজিদ বোস্তামি থেকে ষোলশহর, মুরাদপুর থেকে হাটহাজারী সড়কের অক্সিজেন মোড় এবং সিডিএ এভিনিউতে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে হাটহাজারী ও বায়েজিদ বোস্তামি সড়ক দিয়ে উত্তর চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙামাটি ও খাগড়াছড়িগামী সব ধরনের সড়ক যোগাযোগ প্রায় চার ঘণ্টার জন্য বন্ধ থাকে। নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড়, নাসিরাবাদসহ আশপাশের এলাকায়ও তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুপুর পর্যন্ত নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়।পুলিশের বৈঠক: অবরোধ চলাকালে দুপুরে উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ ষোলশহরে অবরোধকারীদের সঙ্গে বৈঠকে বসে। এ সময় শেরশাহ এলাকা থেকে অবরোধকারীরা লাঠিসোঁটা নিয়ে বৈঠকস্থলে গিয়ে দ্বিতীয় দফা ১০-১৫টি বাস ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের লাঠিপেটা করে। এতে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে দুই নম্বর গেইট থেকে পলিটেকনিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মুরাদপুরের দিকে চলে যায়। পলিটেকনিকের দিকে যাওয়ার পথে উচ্ছৃঙ্খল ছাত্ররা একটি বাস মেয়র গলিতে নিয়ে আগুন ধরিয়ে দেয়।উপপুলিশ কমিশনার বনজ কুমার প্রথম আলোকে বলেন, ‘উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমরা সন্ধ্যায় আবার বৈঠকে বসেছি। এতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাস মালিকদের প্রতিনিধি এবং নিহত দুজনের প্রতিনিধি আছেন। বৈঠকে বাসের মালিক পক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। সোমবার ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে। এ জন্য কোনো মামলা দেওয়া হয়নি।