বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত, চালক আটক
ঢাকার রাজপথে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেপরোয়া গতির একটি বাস রাজধানীর বারিধারা এলাকায় জহুরা বেগম (৩৫) ও তাঁর মেয়ে আসমা আক্তারকে (১০) চাপা দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বেপরোয়া গতির ছালছাবিল পরিবহনের একটি বাস বারিধারা প্রধান সড়কের কোকাকোলার মোড়ে জহুরা বেগম ও তাঁর মেয়ে আসমাকে চাপা দিলে তাঁরা ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মা-মেয়ের শরীর থেঁতলে রাজপথ রক্তে রঞ্জিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এবং চালক মজনু মিয়াকে গণধোলাই দেয়। খবর পেয়ে গুলশান থানার পুলিশ চালকসহ বাসটি আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত গুলশান থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী প্রথম আলোকে জানান, মা-মেয়ে বারিধারা প্রধান সড়ক পার হওয়ার সময় বাসচাপা পড়েন। বাসটি কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়েছে। স্ত্রী-সন্তানের মৃত্যুর খবরে আবুবকর সিদ্দিক গুলশান থানা চত্বরে গিয়ে বুক চাপড়ে কাঁদেন। এ সময় তিনি মূর্ছা যান। জ্ঞান ফিরে আসার পর আবুবকর সিদ্দিক প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি তাঁর ভাঙারির দোকানে ছিলেন। বিকেলে তাঁর স্ত্রী ও মেয়ে নয়ানগরের বাসা থেকে বেরিয়ে তাঁদের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। তিনি বলেন, ‘এখন আমার সব শেষ হয়ে গেছে।’মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, জহুরা সপরিবারে বাড্ডার ৩৪৪, নয়ানগরে থাকতেন। আসমা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। দুই বোন এক ভাইয়ের মধ্যে আসমা সবার ছোট ছিল। জহুরার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দিলালপুরে।