বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত: সড়ক অবরোধ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার গুজব ছড়ালে উত্তেজিত এলাকাবাসী আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুর করে। এতে ওই মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় ওই স্কুলছাত্রী আহত হয়েছে।দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর নাম অন্তরা সাহা। সে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় স্থানীয় কলমেশ্বর রোকেয়া সরণি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে অন্তরা দুই সহপাঠীর সঙ্গে স্কুলে যাওয়ার উদ্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহণের একটি বাস অন্তরা সাহাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সে আহত হলেও অন্যরা রক্ষা পায়।স্থানীয় লোকজন অন্তরাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে, পরে পার্শ্ববর্তী তায়েরুন্নেসা হাসপাতালে ভর্তি করে। পরে অন্তরা মারা গেছে—এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তার প্রভাতী বনশ্রী সার্ভিসের চারটি বাস আটক করে ভাঙচুর করে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আরও জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করলে সকাল ১০টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।