ভাড়া বাড়ানোর প্রতিবাদ বিভিন্ন সংগঠনের
বাসের নতুন ভাড়া প্রত্যাখ্যান করেছে মালিকদের একাংশ
সিএনজিচালিত বাসের সরকার-নির্ধারিত নতুন ভাড়া প্রত্যাখ্যান করেছে বাসমালিকদের একাংশের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ। গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি বাসভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি জানায়।এদিকে বাস, মিনিবাস, অটোরিকশাসহ গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে।গত সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী সিএনজিচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি এক টাকা ৫৫ পয়সা এবং মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। উভয় ধরনের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ানো হয়। বড় বাসের সর্বনিম্ন ভাড়া সাত টাকা করা হয়। এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর হবে।নতুন বাসভাড়া প্রত্যাখ্যান: রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরাঁয় দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ নতুন বাসভাড়া প্রত্যাখ্যান করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ও উইনার পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল হোসেন বলেন, যেসব কারণে বাস পরিচালনা-ব্যয় বেড়েছে, সেসব বিষয় পর্যালোচনা না করে সরকার ভাড়া নির্ধারণ করেছে। গত এক বছরে টায়ার, টিউব, লুব্রিক্যান্ট ও খুচরা যন্ত্রাংশসহ বাস রক্ষণাবেক্ষণ-ব্যয় অনেক বেড়েছে। একটি বাস চালাতে কিলোমিটারপ্রতি ব্যয় হচ্ছে তিন টাকা। তিনি বলেন, সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, তাতে কোনো পরিবহন কোম্পানিই টিকে থাকতে পারবে না।অ্যাসোসিয়েশনের পরিচালক ও শতাব্দী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন খন্দকার বলেন, আগে প্রতি ঘনমিটার সিএনজির দাম ছিল ১৬ টাকা ৭৫ পয়সা। কিলোমিটারপ্রতি বাসভাড়া ছিল এক টাকা ২০ পয়সা। সিএনজির মূল্য ৫০ শতাংশ বাড়িয়ে ২৫ টাকা করা হলেও বাসভাড়া ২৫ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা ৫৫ পয়সা।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম এ হাসান, পরিচালক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।সিপিবির প্রতিবাদ সমাবেশ: বাসভাড়া বৃদ্ধি ও পরিবহনে নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে বক্তারা বাস ও অটোরিকশার ভাড়া বৃদ্ধি অযৌক্তিক বলে অভিহিত করেন। তাঁরা বলেন, আগে যে ভাড়া নেওয়া হতো সেটাই ছিল অনেক বেশি। তাঁরা যৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর এবং রাষ্ট্রীয় উদ্যোগে সারা দেশে গণপরিবহন চালুর দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন রুহিন হোসেন, জাহিদ হোসেন খান, আবদুল কাদের, বিকাশ সাহা প্রমুখ।পবার সংবাদ সম্মেলন: সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত সংবাদ সম্মেলনে লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে প্রতিটি জিনিসের দাম ১০-১২ টাকা বেড়েছে। কিন্তু মানুষের আয় তো ১০-১২ টাকা বাড়েনি। বাসভাড়া বাড়ানোর আগে সরকার এর অর্থনৈতিক দিক চিন্তা করেনি।বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম শফিউল্লাহ বলেন, পরিবহনের জন্য মানুষের বাজেট যখন বেড়ে যায় তখন অন্য খাতের খরচ কমিয়ে যাতায়াতের জন্য ব্যয় করে। এতে মানুষের একটা মানসিক চাপ তৈরি হয়। মানুষ অস্থির হয়ে ওঠে, গাড়ি ভাঙচুর করে।লিখিত বক্তব্যে পবার চেয়ারম্যান আবু নাসের খান ঘোষিত নতুন বাসভাড়া বাতিল, জনস্বার্থ সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণে একটি কমিটি গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষক রুখসানা হাফিজ।নাগরিক সংহতির অবস্থান কর্মসূচি: বাসভাড়া নিয়ে মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের হস্তক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে অবস্থান কর্মসূচি পালন করে নাগরিক সংহতি। এতে অংশগ্রহণকারী কয়েকজনের হাতে শিশিতে সরিষার তেল এবং হাতে ‘যোগাযোগমন্ত্রী নাকে সরিষার তেল দিয়ে ঘুমান’ লেখাসংবলিত প্ল্যাকার্ড ছিল।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।যাত্রীকল্যাণ সমিতির মানববন্ধন: এদিকে নতুন বাসভাড়া কার্যকরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এ সময় সমিতির নেতারা বলেন, বাসমালিকেরা যেন নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়াতে না পারেন, সে জন্য সরকার-ঘোষিত তালিকা অনুযায়ী ভাড়া আদায় করতে হবে।