বাসের পাখা ঘোরে না
গরমের দিন। চরম কষ্টে সদরঘাট থেকে কারওয়ান বাজারে আসছিলেন বেলায়েত হোসেন। শাহবাগ মোড়ের যানজটে পড়ে বিহঙ্গ পরিবহনের বাসটি যখন আর একটুও নড়ছিল না, বাসের সিটে বসা বেলায়েত হোসেনের মাথার ঘাম ততক্ষণে জুলফি বেয়ে থুতনি হয়ে কোলে এসে পড়ছে। তখন তিনি আবিষ্কার করলেন তাঁর মাথার ওপর একটা ছোট্ট বৈদ্যুতিক পাখা। তিনি বাসের হেলপারকে পাখাটি চালানোর কথা বললে হেলপারের নির্লিপ্ত জবাব, ‘পাখা চলে না, লাইন নষ্ট।’‘নষ্ট পাখা ঝুলিয়ে রাখার কী দরকার?’—তার এ প্রশ্নের জবাবে হেলপার চুপ।নগরের বেশির ভাগ টিকিট কাউন্টার-ভিত্তিক বাসের একই দশা। অধিকাংশেরই পাখা নেই। তবে বাসের ছাদের দিকে তাকালে বোঝা যায়, একসময় এখানে পাখা ঝোলানো ছিল। হাতেগোনা কয়েকটি বাসে পাখা আছে, তাও আবার অকেজো। বিকল্প পরিবহনের বাসগুলোতে এখনো পাখার দর্শন মেলে। কিন্তু মেলে না পাখার বাতাস।নিয়মিত বাসে চড়ে অফিসে যাওয়া-আসা করেন মুনীর মমতাজ। তাঁর ভাষ্য—কাউন্টারভিত্তিক বাসগুলো লোকাল বাসের চেয়ে ভাড়া বেশি নেয়, কিন্তু সে তুলনায় উন্নত সেবা দিতে পারছে না। টিকিট কেটে যারা লাইনে দাঁড়িয়ে বাসে ওঠে, তারা এটা মানতেও রাজি আছে যে দরকার হলে ভাড়া দু-এক টাকা বাড়িয়ে দিক; তবু গরমে একটু আরাম করে গন্তব্যে পৌঁছানো যাবে।তবে বাসে পাখা না রাখার যুক্তিও আছে বাসের লোকজনের কাছে। যেমনটি বলছিলেন ফাল্গুন পরিবহনের এক হেলপার, ‘শুরুর দিকে আমাদের বাসেও পাখা ছিল। কিন্তু পাখা নিয়ে যাত্রীরা টানাটানি করে। অনেকে আবার বাসে উঠে পাখার নিচের জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। এ কারণে পরে বেশ কিছু বাসের পাখা খুলে ফেলা হয়েছে।’তবে এটা ঠিক যে যাত্রীদের মাথার ওপর পাখা না থাকলে কী হবে, চালকের মাথার ওপর কিন্তু সব সময় ভনভন করে পাখা ঘোরে। তা সেটা লোকাল বাসই হোক আর টিকিট কাউন্টারের বাসই হোক। এ প্রসঙ্গে মোহাম্মদপুরের বাসিন্দা ফাহমিদা শম্পা বলছিলেন, ‘গরমে বাসের চালকের মাথা গরম হয়ে গেলে সমস্যা আরও বাড়বে। বলা যায় না কখন কোথায় বাস উঠিয়ে দেয়। কিন্তু একই বাসে চড়ে চালকের মাথার ওপর পাখা দেখে যাত্রীদের মাথাও তো গরম হতে পারে। সে দিকটিও বোঝা উচিত বাসমালিকদের।’বাসে পাখা বসানো প্রসঙ্গে ট্রান্সসিলভা (বিডি) লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম খোকন বলেন, তাঁদের বাসে শুধু চালকের জন্য একটা ছোট্ট পাখা রয়েছে। কারণ সিএনজিচালিত বাসে বৈদ্যুতিক পাখা ব্যবহার করলে বিদ্যুতের স্পার্ক থেকে অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে বলে তিনি জানান। সিএনজিচালিত বাসের জন্য যে ধরনের পাখা প্রয়োজন, সেগুলোর দাম বেশি হওয়ায় সেটা তাঁরা এই মুহূর্তে বসাতে পারছেন না।