বাস্কেটবল খেলতে গিয়ে ওবামা আহত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার সকালে বাস্কেটবল খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পেয়েছেন। তাঁর ঠোঁটে ১২টি সেলাই দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে জানিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওবামা ওয়াশিংটন ডিসির ফোর্ট ম্যাকনায়ারে বাস্কেটবল খেলার সময় অসাবধানতার কারণে প্রতিপক্ষের খেলোয়াড়ের কনুইয়ের ধাক্কায় আঘাত পেয়েছেন।ঘটনার পর তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়েছেন। পরে হোয়াইট হাউসের অভ্যন্তরে ওবামাকে ঠোঁটে বরফ ধারণ করে থাকতে দেখা গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেন, অসাবধানতার কারণে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতের ধাক্কায় প্রেসিডেন্টের ঠোঁট কেটে গেছে। তিনি ১২টি সেলাই নিয়েছেন। হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিট তাঁর চিকিৎসা করেছে। তিনি আরও বলেন, সেলাইয়ের সময় ওবামাকে অনুভূতিনাশক ওষুধ দেওয়া হয়।ওবামা দীর্ঘ সময় ধরেই বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত। এমনকি তাঁকে তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গেও প্রায়ই খেলতে দেখা যায়। বিবিসি।