বাস্কেটবলের সেকাল-একাল
গত মাসেই ঢাকায় হয়ে গেল শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল। স্কুল-কলেজে আবারও ফিরছে পুরোনো দিনের উন্মাদনা। লিখেছেন বদিউজ্জামান আবাহনী বনাম মোহামেডান—বাংলাদেশের যেকোনো খেলারই ধ্রুপদি দুই প্রতিদ্বন্দ্বী। এই দুদল যেকোনো খেলায় মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা আর রোমাঞ্চের হাতছানি। কিন্তু বাস্কেটবলে সেখানে মোহামেডানের প্রতিদ্বন্দ্বী ছিল ওয়ান্ডারার্স। তখন আবাহনীর যে জন্মই হয়নি! স্বাধীনতার ঠিক পরের সময়ের কথা। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি তখন বাস্কেটবলেরও জোয়ার ছিল। কোর্টটা ছিল পুরানা পল্টনে। এখন যেটা টেবিল টেনিস আর ব্যাডমিন্টনের জন্য বরাদ্দ, সেই জিমনেসিয়ামেই ছিল আউটডোর কোর্ট। রাজধানীর কলেজগুলোতেও ছিল বাস্কেটবল চর্চা। মাঝখানে গত বছর বিশেক বাস্কেটবল কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আবার যেন একটু সজীবতা ফিরে পাওয়ার ইঙ্গিত দেখাচ্ছে সম্প্রতি বাস্কেটবল।এখনকার এই ঝকঝকে ধানমন্ডি ইনডোর জিমনেসিয়াম তখন ছিল না। ছিল না কোনো উডেন ফ্লোর। পল্টন ইনডোরের পাশেই ছিল ওয়ান্ডারার্স ক্লাব। সেই ক্লাবের টিনের চালে বসে হাজারও দর্শক উপভোগ করত বাস্কেটবল। সেই পুরোনো স্মৃতি হাতড়াতে সময়ের সেলুলয়েডে ভর করে পেছনে চলে গেলেন বাস্কেটবল ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক লে. কমান্ডার (অব.) এ কে সরকার। শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলের গ্যালারি উপচানো দর্শক দেখেই স্মৃতিকাতর হলেন তিনি। দর্শকের প্রাণচাঞ্চল্য আর উন্মাদনা, ভুভুজেলা আর বাঁশির শব্দ বারবারই তাঁকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই ১৯৭২-৭৩ সালের দিকে। তখন দিনরাত পল্টন ময়দান মাতিয়ে বেড়াতেন কিশোর এ কে সরকার। কি আনন্দের দিনই না ছিল! বললেন, ‘তখনকার চেয়ে এখন পার্থক্য এটাই যে তখন আউটডোরে খেলা হতো। খেলত ঢাকার বেশ কিছু প্রতিষ্ঠিত ক্লাব যেমন—ওয়ান্ডারার্স, মোহামেডান, ভিক্টোরিয়া, দিলকুশা, শান্তিনগর আজাদ স্পোর্টিং ও ওয়ারী।’ কত দিন পর বাস্কেটবলে আসে আবাহনী? জানালেন, ‘স্বাধীনতার ঠিক পরে ফুটবলেই আবাহনী প্রথম দল গড়ে। যখন কামাল ভাই (বঙ্গবন্ধু তনয় শেখ কামাল) শাহীন স্কুলে পড়তেন, প্রায়ই উনি ওয়ান্ডারার্সে বাস্কেটবল খেলতে আসতেন আমাদের সঙ্গে। আমরা জিজ্ঞাসা করতাম, আপনি কেন হঠাৎ করে বাস্কেটবলে খেলতে এলেন? বলতেন, আমি তো বাস্কেটবল খেলি শাহীন স্কুলে। আমি এখানেও খেলতে চাই। এর পেছনে একটাই উদ্দেশ্য, আমার গড়া আবাহনী ফুটবল দলের সাপোর্টার চাই। আমার তো সেই রকম সাপোর্টার নেই। যেহেতু ওয়ান্ডারার্স ও মোহামেডানেরই সবচেয়ে সমর্থক বেশি, আমি ওয়ান্ডারার্সের সাপোর্টারদের আবাহনীর পাশে টানতে চাই। আমি যদি ওয়ান্ডারার্সে খেলি, তখন আমার এই সাপোর্টাররা ফুটবল খেলার দিন আমার হয়ে আবাহনীকে সাপোর্ট দেবে।’ তখন ওয়ান্ডার্সের ফুটবলটাও একদম নিচের দিকে যাচ্ছিল। খুব একটা ভালো করে দল গড়তে পারছিল না। ওয়ান্ডারার্সের সাপোর্টাররা হয়ে গেল আবাহনীর সাপোর্টার। এর মধ্যে একটা জাতীয় দল গঠন করার কথা ছিল। তখন আনাতলি চেখভ নামের একজন রুশ কোচ এসেছিলেন। পাকিস্তানে কায়েদে আজম ট্রফি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে গ্রেপ্তার করলেন জেনারেল জিয়াউল হক। টুর্নামেন্ট বন্ধ হয়ে গেল। সেই রমরমা সময় আস্তে আস্তে হারিয়ে গেল। প্রথমবারের মতো ঢাকায় হলো সাফ গেমস ১৯৮৫ সালে। বাস্কেটবল কোর্ট স্থানান্তরিত হয়ে চলে গেল ধানমন্ডি। খেলোয়াড়েরাও হারিয়ে যেতে থাকলেন। কেউ গেলেন বিদেশে, কেউ খেলাই ছেড়ে দিলেন। বাস্কেটবলে তখন ভাটার টান, যা বছর তিনেক আগেও ছিল। গত দুই বছরে ভাটাটা যেন কেটে যেতে শুরু করেছে।নিয়মিত লিগ হচ্ছে। জাতীয় প্রতিযোগিতাও হচ্ছে। গত মাসেই ঢাকায় হয়ে গেল শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। দর্শকও মন্দ ছিল না এবারের লিগে ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ভারতের প্রাদেশিক দল পশ্চিমবঙ্গকে হারিয়ে চ্যাম্পিয়নও হলো বাংলাদেশ। এগিয়ে এসেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। সিটিসেলের মতো মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এখন বাস্কেটবলের পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই এ কে সরকারের, ‘গত দুই বছর আমি সিটিসেলের কাছে কৃতজ্ঞ। তারা দুই বছরে লিগ, ন্যাশনাল, গত মাসের আন্তর্জাতিক বাস্কেটবল—বড় এই আসরগুলো করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে। তারা আরও অনেক দিন বাস্কেটবলের সঙ্গে থাকতে চায়। এ ধরনের পৃষ্ঠপোষকতা পেলে আমরা মাঠে খেলা রাখতে পারব। এগুলো সবই ইতিবাচক দিক।’ সব মিলিয়ে বাস্কেটবলের এমন জোয়ারে দারুণ খুশি জাতীয় দলের সাবেক অধিনায়ক রাশেদুজ্জমান, ‘এমন টুর্নামেন্ট হলে আমাদের ভালোই লাগে। তবে এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট আরও বেশি করে হওয়া উচিত।’ খুশি দলের কোচ মিজানুর রহমানও, ‘বাংলাদেশ দলকে এখন যদি নিয়মিত প্রশিক্ষণ আর ক্যাম্পের মধ্যে রাখা যায়, তাহলে এরা দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো অবস্থানে যেতে পারবে।’ গত সাফ গেমসে বাংলাদেশ বাস্কেটবলে ব্রোঞ্জ জিতেছে, যেটা আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র বড় সাফল্য। এশিয়ায় যদিও এখনো তলানির দিকেই রয়েছে বাংলাদেশ। সারা দেশে বাস্কেটবল ছড়িয়ে দিতে কোর্ট তৈরির বিকল্প নেই। কিন্তু সমস্যা একটাই, কোর্ট নেই। খোদ রাজধানীতেই যেখানে ধানমন্ডিনির্ভর বাস্কেটবল। বাস্তবতা হলো, বনানী-গুলশানের কোনো ছেলে যানজট ঠেলে ধানমন্ডিতে আসবে না খেলতে। আর জেলা শহরের কথা বাদই থাক। একসময় বাংলাদেশ দলে বেসামরিক খেলোয়াড়ের আনাগোনা ছিল। তবে এখন সামরিক বাহিনীর ওপরই নির্ভর করতে হয় দল গড়তে। যদিও প্রেক্ষাপট একটু হলেও বদলেছে। এগিয়ে এসেছে বিকেএসপির খেলোয়াড়েরা। ফেডারেশনের সদস্য ওয়াসিফ আলী জানালেন, ‘এখন আমাদের আর ডিফেন্সের ওপর ভরসা করতে হয় না বেশি।’ বাস্কেটবলের এমন সাফল্যে স্বপ্ন দেখছেন কর্মকর্তারা। আর তাঁদের লক্ষ্যও ঠিক হয়ে গেছে। এ কে সরকার জানালেন, ‘আমরা তো ভারতকে টপকে সোনা জিততে পারব না। তবে রুপার পদকটা আমরা জিততে চাই।’