পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন কার্যত থেমে আছে। সরকার ‘চুক্তির পূর্ণ বাস্তবায়নের’ যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণের লক্ষণ দেখা যাচ্ছে না। ২ ডিসেম্বর চুক্তিটি পঞ্চদশ বছরে পদার্পণ করবে।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চুক্তির মৌলিক ও প্রধান বিষয় পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া বাস্তবে একেবারেই বন্ধ। মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ অকার্যকর। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সুষ্ঠু ও সুশৃঙ্খল নয়। নির্বাচিত পূর্ণাঙ্গ জেলা পরিষদের পরিবর্তে সরকারের মনোনীত সীমিত পরিসরের জেলা পরিষদ জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।সূত্রগুলো জানায়, চুক্তি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত এসব বিষয়ে অনিশ্চয়তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতিও অবনতিশীল। রাজনৈতিক হানাহানি, গোষ্ঠীগত দ্বন্দ্ব, সাম্প্রদায়িক সংঘাত ও খুনোখুনি বেড়েছে আশঙ্কাজনক হারে। পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সংঘাতে এ বছর খুন হয়েছেন অন্তত ২১ জন। পার্বত্য চট্টগ্রামের সরকারি ও সুশীল সমাজের সূত্রগুলো জানায়, সরকার আসলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করবে না—এমন একটি বার্তা সেখানকার মানুষের কাছে পৌঁছে গেছে। ফলে মানুষের চিন্তাভাবনায়ও পরিবর্তন আসছে।বাস্তবায়ন কমিটি নিষ্ক্রিয়: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সচল করতে সরকার ২০০৯ সালের ২৫ মে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করে। আড়াই বছরে ওই কমিটি মাত্র দুটি সভা করেছে। কার্যত কমিটিও নিষ্ক্রিয়। চুক্তি বাস্তবায়নে কোনো মৌলিক নির্দেশনা দিতে পারেনি কমিটি। কমিটির অপর দুই সদস্য হলেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও যতীন্দ্র লাল ত্রিপুরা।ভূমি কমিশন অকার্যকর: একইভাবে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য সরকার ২০০৯ সালের ১৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন পুনর্গঠন করে। কিন্তু মূলত পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ২০০০ সালের ভূমি কমিশন আইন সংশোধন না হওয়ায় এর আগের দুটি কমিশনের মতো এটিও অকার্যকর হয়ে পড়ে। ইতিমধ্যে তিন বছর মেয়াদি কমিশনের কার্যকাল দুই বছর তিন মাস চলে গেছে।জনসংহতি সমিতি (জেএসএস) ২০০০ সালেই ভূমি কমিশন আইনের ২৩টি সংশোধনীর জন্য সরকারের কাছে প্রস্তাব করেছিল। শেষ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় তার মধ্যে ১৬টি সংশোধনীর বিষয়ে সম্মত হয়ে প্রস্তাব পাঠায় ভূমি মন্ত্রণালয়ে। বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় গত ১১ আগস্ট আন্তমন্ত্রণালয় সভা করে। সেখানে সিদ্ধান্ত হয়, সংশোধনীর বিষয়টি চূড়ান্ত করার জন্য চুক্তি বাস্তবায়ন কমিটির কাছে পাঠানো হবে।কিন্তু তারপর দুই মাস পেরিয়ে গেলেও তা কমিটির কাছে পৌঁছায়নি। ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সভার কার্যবিবরণীই তৈরি করা হয়েছে দুই মাস ধরে। সেখানে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যা সভার আলোচনা ও সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ নয়। জেএসএস ওই কার্যবিবরণীর সঙ্গে দ্বিমত পোষণ করেছে। জেএসএসের সূত্র প্রথম আলোকে জানায়, আসলে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য সব সময় এ রকম কূটকৌশল অবলম্বন করে আসা হচ্ছে।উপদেষ্টা কমিটি ও অন্যান্য: চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি রয়েছে। কিন্তু এই কমিটির সভা ও কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ একেবারেই অনিয়মিত। ফলে উপদেষ্টা পরিষদ আছে শুধু নামেই।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও বিশৃঙ্খলা রয়েছে। সুবিধাভোগী পার্বত্য জনগণ এসব প্রকল্পের কাজে সন্তুষ্ট নয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সার্বিক দেখভালের জন্য একটি জাতীয় স্টিয়ারিং কমিটি রয়েছে। ছয় মাস পরপর এই কমিটির সভা হওয়ার কথা। কিন্তু ১৩ মাস ধরে কমিটির কোনো সভা হচ্ছে না।স্থানীয় পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালনকারী জেলা পরিষদ অনির্বাচিত হওয়ায় জনসম্পৃক্ত উন্নয়ন কাজ হচ্ছে না বলেও সূত্রগুলো জানায়। পার্বত্য চুক্তি অনুযায়ী নির্বাচিত জেলা পরিষদ হওয়ার কথা ২২ সদস্যের। এখন তা চলছে সরকারের মনোনীত পাঁচ সদস্য দিয়ে।বর্তমান সামগ্রিক অবস্থা সম্পর্কে অভিমত জানতে চাইলে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান বলেন, ‘সরকারের দিক থেকে আসলেই সবকিছু থেমে আছে। তবে আমরা তো বিষয়টা ছেড়ে দিতে পারব না। আমাদের তো কথা বলতেই হবে। সে জন্য সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে নাগরিক কমিটি।’ সরকার চেষ্টা করছে: চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল, সেভাবে যে এগোচ্ছে না তা সত্যি, তবে সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের নির্ভরযোগ্য নীতিনির্ধারণী সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে সরকার কীভাবে অগ্রসর হতে পারে, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের, বিশেষ করে জুম্ম জনগণের মধ্যে সরকারের ভূমিকা সম্পর্কে ইতিবাচক কোনো বার্তা, কীভাবে পৌঁছানো যায় এসব বিষয় নির্ধারণের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী নিয়োগ দেওয়ার যে কথা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে রয়েছে, সরকার তা-ও বাস্তবায়নের চিন্তা করছে।মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, স্থানীয় পর্যায়ের আরও তিনটি বিষয় জেলা পরিষদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে রয়েছে স্থানীয় পর্যটন, যুব উন্নয়ন কমপ্লেক্স ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের গ্রামীণ অবকাঠামো ও কৃষির উন্নয়নে সাত বছর মেয়াদি (২০১১-১৮ সাল) ৫০৪ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বহুমুখী রূপকল্প গ্রহণ করা হয়েছে। তবে, সংশ্লিষ্ট বেসরকারি সূত্রগুলোর মতে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হলে, বিশেষ করে ভূমিবিরোধের নিষ্পত্তি ও উদ্বাস্তু পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে না। কিন্তু সেই প্রক্রিয়া সরকারের কোনো পর্যায়েই দেখা যাচ্ছে না।