বাস্তবায়নের ওপর নির্ভর করছে বাজেটের সাফল্য: সিপিডি
দেশের অর্থনীতির প্রয়োজনের তুলনায় প্রস্তাবিত বাজেট খুব একটা বড় নয়। তবে এর সাফল্য নির্ভর করছে বাস্তবায়নের সক্ষমতা ও উন্নয়ন-ব্যবস্থাপনার উত্কর্ষের ওপর। এ জন্য প্রয়োজন, উন্নয়ন প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করা।রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গতকাল শুক্রবার এ মত তুলে ধরেছে। উন্নয়ন প্রশাসনের দক্ষতা বাড়ানো ও জবাবদিহি প্রশ্নে সংস্থাটি মনে করে, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম, রেগুলেটরি সংস্কার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। অর্থমন্ত্রী চলতি অর্থবছরের বাজেটে এমন অভিমত রাখলেও আগামী বাজেটে তা নেই।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন, জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, মাসুদুর রহমান, সৈয়দ সাইফুদ্দিন হোসেন, তৌফিকুল ইসলাম খান, এ কে এম নজরুল ইসলাম প্রমুখ।মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশের টাকা আয় করার চেয়ে ব্যয় করা কঠিন হয়ে যায়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যে প্রাক্কলন করা হয়, সেটা ব্যয় করতে পারি না।’ তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এডিপির ৫৯ শতাংশ ব্যয় হয়েছে, যা গত অর্থবছরের বাস্তবায়নের হারের চেয়ে সামান্য বেশি। তবে টাকার অঙ্কে বেশি ব্যয় হয়েছে ৩৫ শতাংশের মতো। তাই বলা যায়, বাস্তবায়ন একেবারে অসম্ভব নয়। তাঁর মতে, বর্তমান সরকারের প্রথম বছরটি ছিল কিছুটা প্রস্তুতির। কিন্তু এ বছরটা হতে হবে বাস্তবায়নের। কারণ, মানুষ তাদের সামাজিক, আর্থিক ও খাদ্য নিরাপত্তায় সরকার কতটুকু নজর দিচ্ছে তা দেখতে চাইবে। আর এগুলো পূরণ করাই হবে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।সিপিডির দৃষ্টিতে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ, অবকাঠামো ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং রপ্তানি খাতকে প্রণোদনা দেওয়ার চেষ্টা ও রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও ইতিবাচক। তবে প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা কঠিন হবে। এমনকি চলতি অর্থবছরের বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব নয় বলেও মনে করে সংস্থাটি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরে প্রাক্কলিত মোট জিডিপির প্রবৃদ্ধি নির্ধারণ করেছে সাড়ে পাঁচ শতাংশ। তবে অর্থ মন্ত্রণালয় সংশোধিত জিডিপির প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে ধারণা দিয়েছে। কিন্তু সিপিডির মতে, প্রবৃদ্ধি হয়তো সাড়ে পাঁচ শতাংশের বেশি হলেও ছয় শতাংশের কম হবে। কারণ, বছর শেষে রপ্তানিতে আট শতাংশ ও আমদানিতে ছয় শতাংশ হারে যে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, তা অর্জন করা সম্ভব নয়। এটা করতে হলে চলতি অর্থবছরের শেষ দুই মাসে এ দুটি খাতে যথাক্রমে ৪০ দশমিক ৭ ও ৩৫ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে হবে, যা কোনোভাবেই সম্ভব হবে না।সিপিডির মতে, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা উচ্চাভিলাষী। বিদ্যুৎ ও রপ্তানি চাহিদাজনিত কারণে শিল্প খাতে যে অনিশ্চয়তা রয়েছে, তার মধ্যে ৬ দশমিক ৭ শতাংশ হরে প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে। যদি করতে হয়, তাহলে কৃষি খাতে ৩ দশমিক ৮ ও সেবা খাতে ৬ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। শিল্প খাতে প্রবৃদ্ধি হতে হবে নয় শতাংশ। কিন্তু কৃষি খাতে সাম্প্রতিক সময়ের ভালো প্রবৃদ্ধির মধ্যে আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হতে পারে। তাই বলা যায়, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় থেকে সাড়ে ছয় শতাংশের মধ্যে নির্ধারণ করা বাস্তবসম্মত হবে।আগামী অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। সংস্থাটির নির্বাহী প্রধান বলেন, আগামী অর্থবছরেও রাজস্ব ও আর্থিক নীতির মধ্যে ভারসাম্যহীনতা বজায় থাকবে। তাই মূল্যস্ফীতি কমাতে হলে আর্থিক নীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনতে হবে।রাজস্ব আয় ও ব্যয়: প্রস্তাবিত বাজেটে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিকই আছে বলে সিপিডি মনে করে। অবশ্য এর সিংহ ভাগই এনবিআরের মাধ্যমে আদায় হবে। সিপিডির পরামর্শ হলো, এনবিআর-বহির্ভূত ও কর-বহির্ভূত আয় বাড়ানোর দিকে জোর দিতে হবে।ব্যয় বৃদ্ধি, বিশেষত জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি ভালো দিক বলে মনে করে সিপিডি। কিন্তু ব্যয়ের একটা বড় অংশ যাবে বেতন বৃদ্ধি খাতে। আরও আছে ঋণের কিস্তি ও সুদ ব্যয়। বেতন খাতে ব্যয় বৃদ্ধি বাড়তি মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে মনে করে সংস্থাটি।মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুতের মতো অতিগুরুত্বপূর্ণ প্রকল্পের প্রায় ৩৬ ভাগ ফেরত নিয়ে যেতে হয়েছে। এটা একটা বড় দুর্বলতা। তাই ১০০টি প্রকল্পকে বাছাই করে বাস্তবায়নে বিশেষ নজরদারির ব্যবস্থা করা দরকার।রাজস্ব আদায় বাড়ানোর জন্য শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ কর আদায়ের যে ঘোষণা প্রস্তাবিত বাজেটে রয়েছে, তাকে সমর্থন করে সিপিডি। সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কর আদায় করা হয়। তবে কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যের অতিরিক্ত মূল্য বা প্রিমিয়ামের ওপর যে কর ধার্য করা হয়েছে, তা নতুন কোম্পানি তালিকাভুক্তিকে নিরুত্সাহিত করবে।বাজেট ঘাটতি ও অর্থায়ন নিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যাংক-বহির্ভূত খাত থেকে ঋণ কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ভালো। তবে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নিতে গিয়ে বেসরকারি খাতের ঋণপ্রবাহ যাতে কমে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।বিদ্যুৎ ও জ্বালানি খাত: বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থমন্ত্রীর প্রস্তাবিত ‘পথ নকশা’ ঠিক আছে বলে মনে করে সিপিডি। কিন্তু ২০১৫ সালকে সামনে রেখে বছরভিত্তিক যে প্রস্তুতি থাকা দরকার, তা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছে সংস্থাটি। তারা মনে করেন, ২০১৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এখনই কাজ শুরু করতে হবে।পিপিপি: যদি ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বিনিয়োগকে গুরুত্ব দিতে হবে। মোস্তাফিজুর রহমান বলেন, পিপিপির সাফল্যের জন্য দ্রুততার সঙ্গে নীতি ও কৌশল ঠিক করাসহ স্বতন্ত্র কার্যালয় করতে হবে। তবে অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে কেবল পিপিপির মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। প্রয়োজনে সরকারকেই উদ্যোগ নিয়ে এটা করতে হবে। কারণ, বিনিয়োগ বাড়ানোর স্বার্থে এ ব্যাপারে খুব বেশি ধৈর্য দেখানোর সুযোগ নেই।প্রতিরক্ষা খাতে ব্যয়: প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি সম্পর্কে সিপিডির মত হলো, এটি গতানুগতিক বৃদ্ধি। মোস্তাফিজুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, সামরিক খাতে বেশি ব্যয় লাগতে পারে, যদি কোনো সরঞ্জাম কেনা লাগে। আর ব্যয়ের খাত ও বিস্তারিত না দেখে এ বিষয়ে খুব বেশি বিশ্লেষণের সুযোগ নেই বলে মত দেন তিনি। প্রতিরক্ষা খাতের ব্যয়কে তিনি একই সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলেও মত দেন। অন্যদিকে পুলিশ, বিশেষত ফায়ার ব্রিগেডের কর্মীদের জন্য সরঞ্জাম কেনা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পক্ষে তিনি মত দেন।কালো টাকা সাদার সুযোগ কী: এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, অবকাঠামো খাতে ১০ শতাংশ কর দিয়ে অর্থ খাটানোর সুযোগ রাখা হয়েছে। কিন্তু এর উৎস জানতে চাওয়া হবে কি না, তা পরিষ্কার নয়। অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দিতে হলে এ বিষয়ে এসআরও জারি করতে হবে।