প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির এক যুগ অতিবাহিত হলেও কালুখালী-ভাটিয়াপাড়া পথে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ আর শুরু হয়নি। প্রতিশ্রুতির দুই বছর পর ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজবাড়ীতে অবস্থিত রেলের লোকশেড থেকে মালামাল সরিয়ে নেয়। ফলে ফরিদপুর জেলার রেল যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার রেলের সুবিধাভোগী জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত মোট ৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথটি তিনটি জেলার সাতটি উপজেলা যথা: রাজবাড়ী সদর, বালিয়াকান্দী, পাংশা, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা এবং গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া পর্যন্ত বিস্তৃত। ওই রেলপথটি বৃহত্তর ফরিদপুর জেলার সঙ্গে যশোর ও খুলনা জেলার সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করছিল।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৪৩ সালে ভাটিয়াপাড়ার অধিবাসী রেলেওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কে বি রায় রেলের দায়িত্বে থাকাকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৪৬ সালে রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ওই কর্মকর্তার অবদানের কারণে রেলপথটি কে বি সেকশন নামেও পরিচিত। কিন্তু চালুর মাত্র ৫১ বছরের মাথায় ১৯৯৭ সালের আগস্ট মাসে কালুখালী-ভাটিয়াপাড়া পথে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।কর্তৃপক্ষের এমন রেল সংকোচনের প্রতিবাদে গঠিত হয় ‘সর্বদলীয় রেলরক্ষা সংগ্রাম কমিটি’। এ কমিটি আন্দোলন শুরু করে। এ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯৯৮ সালের ১ জুন সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজবাড়ীতে হরতাল আহ্বান করা হয়। কিন্তু আহূত ওই হরতালের আগের দিন ৩১ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে আলোচনার পর কালুখালী-ভাটিয়াপাড়া পথে রেল আবারও চালু করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। এ প্রতিশ্রুতির কারণে পরের দিনের হরতাল প্রত্যাহার করা হয়। কিন্তু আজও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তাই কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ পুনরায় চালু করার দৃঢ় দাবি এলাকাবাসীর।এদিকে ট্রেন বন্ধ হওয়ায় দীর্ঘ ৭২ কিলোমিটার রেলপথের মোট ১৩টি ‘এ’ এবং ‘বি’ শ্রেণীর স্টেশনের কোটি টাকার বেশি সরকারি স্থাপনা, রাস্তার উভয় পাশের লক্ষাধিক একর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণীর ভূমি, রেলপাত, স্লিপার, লোহার প্লেট, পিন, ব্রিজের বিম, গার্ডারসহ কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ অযত্ন-অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ছাড়া রেলের এক শ্রেণীর অসৎ কর্মকর্তা-কর্মচারীর অবৈধ যোগাযোগে অহরহ উল্লিখিত রেলসম্পদ প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চুরি এবং বেহাত হয়ে যাচ্ছে। অবৈধ দখলদারেরা রেলের নিয়মনীতি উপেক্ষা করে হাজার হাজার একর জমি জবরদখল করে আছে। জবরদখল করা জমির মধ্যে শত শত পাকা ঘর-দরজা নির্মাণ করতে দেখা গেছে।মধুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দীন আহমেদ জানান, এ অঞ্চলে রেল চলাচল বন্ধ হওয়ায় এবং সরকারের রেলপথ সংকোচন-নীতির কারণে রেলের এক শ্রেণীর অসৎ কর্মকর্তা-কর্মচারী যোগসাজশে রেলের জায়গা, রেলপাত, স্লিপার, রেললাইনের উভয় পাশের মূল্যবান গাছপালা রেলস্টেশনের পরিত্যক্ত বিভিন্ন ধরনের স্থাপনা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় চুরিসহ অবৈধ দখলদার কর্তৃক অহরহ বেহাত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ কাজ চালালেও রেল কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই। ফলে সরকার রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ ও রাজস্ব হারাচ্ছে।২০০৮ সালে গঠিত ‘রেল রক্ষণাবেক্ষণ কমিটির’ সভাপতি আবদুস সোবহান প্রথম আলোকে জানান, গত দুই বছরে এ রেলপথের বিভিন্ন মালামাল চুরি ও তসরুপের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে (বোয়ালমারী, মধুখালী, বালিয়াকান্দি ও কাশিয়ানী) প্রায় ৪০টি মামলা হয়েছে। পাঁচ-ছয়টি মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। দুই মাস আগে বোয়ালমারীর রেলের গুদাম ভেঙে কিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলাও হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এই চুরির আসামিরা শনাক্ত হয়নি।আবদুস সোবহান বলেন, ‘সরকার এ রেলপথ আবার চালু করার উদ্যোগ নিচ্ছে বলে আমরা শুনেছি।’রাজবাড়ী রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘কালুখালী-ভাটিয়াপাড়া পথে রেল চালুর জন্য খুব তাড়াতাড়ি টেন্ডার আহ্বান করা হবে। এ জাতীয় টেন্ডারে সাধারণত বিদেশি কোম্পানি অংশ নেয়। রেল চালুর এক বছর পর তারা নিজেদের উদ্যোগে রেল পরিচালনা করে পরে তা আমাদের হাতে হস্তান্তর করবে।’