বাস্তবে দরপত্রের শতর্ পূরণ হবে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে তৈরি বোমা শনাক্তকারী যন্ত্র ‘এডিই-৬৫১’। কিন্তু এই যন্ত্রটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও ইরাকে বিস্ফোরক শনাক্তকরণে কোনো কাজে আসেনি। ইরাকের বাগদাদে আত্মঘাতী বিস্ফোরক নিয়ে অনায়াসে এই যন্ত্র বসানো একটি চেকপয়েন্ট পার হয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় নিহত হয় ১৫৫ জন। অথচ চট্টগ্রাম বন্দরে বিস্ফোরক শনাক্ত করতে ব্যবহারের জন্য সব শর্তই পূরণ করেছে এ মডেলের যন্ত্র। দরপত্রের মাধ্যমে কিনে বন্দর কর্তৃপক্ষ যন্ত্রটি বসাতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে।পত্রপত্রিকা, ইন্টারনেট ঘেঁটে এবং বিবিসির খবরে জানা যায়, বিস্ফোরক শনাক্তকরণে এডিআই-৬৫১ ইরাক ও আফগানিস্তানে কোনো কাজে লাগছে না। ফলে এই দুটি দেশে যন্ত্রটি রপ্তানি নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। যন্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠান এটিএসসির ব্যবস্থাপনা পরিচালক জিম ম্যাককরমিককে গ্রেপ্তার করা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোডের আওতায় গত বছরের ২২ অক্টোবর বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র সংগ্রহে প্রথম দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে মোট ১০টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র সংগ্রহ করার কথা বলা হয়। গত ২ ডিসেম্বর দরপত্রের বাক্স খুলে পাঁচটি দরপত্র পাওয়া যায়।বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আরিফ মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটি সম্প্রতি জনি করপোরেশন নামের প্রতিষ্ঠানকে যোগ্য বলে বিবেচিত করে। কমিটির মূল্যায়নে বলা হয়, প্রতিষ্ঠানটির উল্লেখ করা ‘এডিই-৬৫১’ মডেলের যন্ত্র দরপত্রের সব শর্তই পূরণ করেছে। কিন্তু দাম অস্বাভাবিক বেশি প্রস্তাব করায় মূল্যায়ন কমিটির সুপারিশে পুনঃ দরপত্র আহ্বান করা হয়। মূল্যায়ন কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রথম দরপত্রে এডিই-৬৫১ মডেল যন্ত্র কারিগরি শর্ত পূরণ করায় এবারও এ যন্ত্রটি শর্ত পূরণ করার সম্ভাবনা বেশি। কারণ প্রস্তাবিত যন্ত্রের কারিগরি নির্দেশনা আগের দরপত্রের মতোই আছে।ক্যাপ্টেন আরিফ প্রথম আলোকে বলেন, শুধু দর বেশি নয়, প্রতিযোগিতা তৈরিসহ বেশ কিছু কারণে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে। গণখাতে ক্রয়বিধিমালা অনুযায়ীই বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র কেনা হবে। এ মডেলের যন্ত্র কোথায় ব্যর্থ হয়েছে—তা দেখার বিষয় নয়। সব শর্তই পূরণ করেছে এডিই-৬৫১: মূল্যায়ন কমিটির প্রথম দরপত্রের প্রতিবেদন অনুযায়ী, দরপত্রের কারিগরি বিনির্দেশিকায় যেসব শর্ত দেওয়া হয়েছে তার সবই পূরণ করেছে এডিই-৬৫১ মডেলের যন্ত্রের দরদাতা। যেমন কারিগরি বিনির্দেশিকার ১.৩ নম্বরে আয়ন মবিলিটি স্পেকট্রমেট্রি (আইএমএস) প্রযুক্তিতে শনাক্তকরণের কথা বলা হয়। একই নির্দেশিকার ১.৯ ধারায় পানির নিচে সর্বনিম্ন ১০ মিটার এবং মাটি থেকে ২০০ মিটার দূরত্বে থেকে শনাক্তকরণ করতে হবে।যেসব উপাদান শনাক্ত করতে হবে সেগুলো হচ্ছে উচ্চ মাত্রার বিস্ফোরক টিএনটি অ্যান্ড ডিএনটি, ডিনামাইট, অ্যামোনিয়াম নাইট্রেট, ব্ল্যাক পাউডার, অ্যামোনিশন, আরডিএক্স, হেক্সোজেন, অক্টাগন ইত্যাদি।এডিই-৬৫১ কেলেঙ্কারি: এডিই-৬৫১ মডেলের যন্ত্রের কেলেঙ্কারি নিয়ে নিউইয়র্ক টাইমস, বিবিসি, ব্যাংকক পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে যন্ত্রটির বিস্ফোরক শনাক্তকরণে ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়।দ্য নিউইয়র্ক টাইমস-এ গত বছরের ৪ নভেম্বর এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫ অক্টোবর বাগদাদে এক বিস্ফোরণে ১৫৫ জন নিহত হয়। আর এসব বিস্ফোরক চেকপোস্ট দিয়ে নেওয়া হলেও শনাক্ত করতে পারেনি এডিই-৬৫১। গত জানুয়ারিতে বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে ব্রিটিশ পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এ যন্ত্রটি ইরাকে কাজ করেনি। ফলে সেখানে অনেক বোমা হামলার ঘটনা ঘটেছে।ব্রিটেনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পরীক্ষা করে দেখা গেছে, এডিই-৬৫১ যন্ত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা বিস্ফোরক শনাক্ত করতে সমর্থ নয়। ইরাক ও আফগানিস্তানে ব্রিটেনের বন্ধুপ্রতিম দেশগুলোর সেনাদের ঝুঁকির বিষয় বিবেচনা করে দুই দেশে এই যন্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার।বিবিসির নিউজনাইটের উদ্যোগে এডিই-৬৫১ যন্ত্রে থাকা বিশেষ কার্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার গবেষণাগারে পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, এই কার্ডে কোনো প্রোগ্রাম, মেমোরি এবং মাইক্রোকন্ট্রোলার নেই।