বাস্তিয়ান শোয়েনস্টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকনাম: বাস্তি, শোয়েইনিজন্ম: ১ আগস্ট, ১৯৮৪, কোলভারমুর, বাভারিয়াউচ্চতা: ৬ ফুটজার্সি নম্বর: বায়ার্ন-৩১, জার্মানি-৭প্রিয় ও অন্যান্যঅন্য খেলা: টেনিস, গলফখাবার: সালাদ ও গরুর মাংসপানীয়: কাপুচ্চিনোগান: আমব্রেলা (রিহানা ফিচারিং জে-জে)চলচ্চিত্র: ট্রয়, দ্য ডার্কনাইট, ওশানস ইলেভেন, টয়েলভ ও থারটিনঅভিনেতা: ব্র্যাড পিটপোশাক: জিনস, টি-শার্ট শখ: কম্পিউটার গেমস খেলা, স্কিয়িং, ঘুরে বেড়ানোঘুরে বেড়ানোর জায়গা: হাওয়াই, ইতালি ও আল্পসআল্পস পর্বতমালার পাদদেশের ছোট্ট শহর কোলভারমুর। আয়তনে জার্মানির সবচেয়ে বড় প্রদেশ বাভারিয়ার ছোট্ট, শান্ত এই শহরটিতে পেশাদারি তো দূরের কথা, কোনো শৌখিন ফুটবল ক্লাব পর্যন্ত নেই। অথচ এই ছোট্ট শহরটিই জন্ম দিয়েছে ফুটবলের বড় দুই তারকাকে। সত্তর-আশির দশকের জার্মানি ও বায়ার্ন তারকা পল ব্রিটনার জন্মেছিলেন এই শহরেই। খেলা আর তারকাখ্যাতি—সব দিক থেকেই ব্রিটনারকে ছাড়িয়ে গেছেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার।তাঁর বেড়ে ওঠা অবশ্য পাশের শহর ওবেরোডর্ফে। একে তো পর্বতের কোলঘেঁষে বড় হওয়া, তার ওপর আবার বাবা-মায়ের ছিল স্কিয়িংয়ের যন্ত্রপাতির দোকান। হাঁটতে-দৌড়াতে শেখার পরপরই স্কিয়িংও শিখে ফেলেন শোয়েনস্টাইগার। পাশাপাশি ফুটবল প্রতিভাও ছড়িয়ে পড়তে থাকে। মাত্র ছয় বছর বয়সেই তাঁকে দলে নিয়ে নেয় স্থানীয় ক্লাব এফবি ওবেরোডর্ফ। দুই বছর পরই জায়গা হয় পেশাদার ক্লাব টিএসভি ১৮৬০ রোজেনহেইমে। এখানে ছয় বছর কাটানোর পর বায়ার্ন মিউনিখের যুব দলে সুযোগ পেয়ে যান ১৪ বছর বয়সে।জার্মানির সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলার সুবর্ণ সুযোগ, শোয়েনস্টাইগার তবু ছিলেন দোলাচলে। তত দিনে স্কি রেসার হিসেবে আরও বেশি বিখ্যাত হয়ে গেছেন। বেশ কিছু বয়সভিত্তিক টুর্নামেন্ট জেতায় বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের ধারণা, তিনি স্কি রেসারই হবেন। কিন্তু নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শোয়েনস্টাইগার বেছে নিলেন ফুটবলকে। পেছনে আরও একটা ব্যাপার কাজ করেছে। পড়াশোনায় তাঁর ছিল চরম বিরক্তি। জটিল সব হোমওয়ার্ক করতে করতে প্রায়ই ভাবতেন, ‘ভালো ফুটবলার হতে পারলে অন্তত পড়াশোনাটা খুব বেশি করতে হবে না!’শোয়েনস্টাইগারের ফুটবল ক্যারিয়ারের সবকিছুই হয়েছে খুব দ্রুত। বায়ার্নের যুব দল, ‘বি’ দল, ‘এ’ দল হয়ে তরতর করে এগিয়ে ঢুকে গেছেন মূল দলে। মাত্র দুটো অনুশীলন সেশন দেখেই কোচ ওটমার হিজফেল্ড তাঁকে নামিয়ে দিলেন ম্যাচে, সেটাও আবার চ্যাম্পিয়ন্স লিগের এক খেলায়! জাতীয় দলে ঢুকতেও সময় লাগেনি। ২২ বছর বয়সেই জার্মানির হয়ে খেলে ফেলেছিলেন রেকর্ড ৪১ মাচ। ২৬ বছর বয়সেই এখন বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি সময় খেলা ফুটবলারদের একজন তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে একসময় হয়তো ক্লাব ও জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন অনায়াসেই।তবে পথচলা এতটা মসৃণ কিন্তু ছিল না। একসময় উচ্ছন্নে যেতে বসেছিলেন। ফুটবল প্রতিভাকে ছাপিয়ে গিয়েছিল মাঠ ও মাঠের বাইরের বেপরোয়া জীবন। মাঠে ইচ্ছেমতো বাজে ট্যাকল ও আচরণ করতেন, মাঠের বাইরেও উদ্দাম জীবন। রাতভর পার্টি, কখনো কখনো ম্যাচের আগের রাতেও। ঝড়ের বেগে গাড়ি চালানো ছিল নেশা, ১৫০ মাইল গতিতে গাড়ি চালিয়ে একবার পুলিশের ভর্ৎসনা শুনেছেন। ২০০৬ সালে তো ম্যাচ গড়াপেটার দায়েও অভিযুক্ত হয়েছিলেন, যদিও পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর ছিল চুল নিয়ে ‘গবেষণা’। দুই দিন পরপরই হেয়ার স্টাইল পাল্টাতেন। তবে কিছু পাল্টে যায় দুবছর আগের এক ঘটনায়। ইউরোতে ক্রোয়েশিয়ার জারকো লেকোকে ধাক্কা মেরে লাল কার্ড দেখার পর তাঁর সঙ্গে দেখা করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। খুব করে বোঝালেন, জানিয়ে দিলেন এমন কিছু আর দেখতে চান না তিনি। এরপর থেকেই আশ্চর্য রকম বদলে গেলেন শোয়েনস্টাইগার। হয়ে গেলেন দারুণ দায়িত্ববান, ক্লাব ও জাতীয় দলে রীতিমতো আস্থার প্রতিমূর্তি। বিশেষজ্ঞরা তাঁকে এখন বলেন, জার্মান দলটার ইঞ্জিন!দুই বছরের বড় ভাই তোবিয়াস শোয়েনস্টাইগারও ফুটবলার। সেই ছেলেবেলায় ওবেরোডর্ফে, রোজেনহেইমে দুভাই একসঙ্গে খেলেছেন। তবে তোবিয়াস এগোতে পারেননি, এখন খেলেন তৃতীয় বিভাগের দল এসএসভি রোজেনবুর্গে। ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন বাস্তি, ব্যস্ততার জন্য শুধু সারা বিশ্বের এয়ারপোর্টগুলোই দেখা হয়, শহর দেখা হয় না বলে তাঁর দুঃখের শেষ নেই। পরিকল্পনা করে রেখেছেন, ক্যারিয়ার শেষে সারা বিশ্ব ঘুরে বেড়াবেন।প্লে স্টেশনে ফুটবল খেলতে দারুণ পছন্দ। ইংলিশ ফুটবল বেশি পছন্দ বলে ইংলিশ ক্লাবগুলো নিয়েই খেলেন। সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্য সারাহ ব্র্যান্ডনারের সঙ্গে সময় কাটাতে। জার্মানির শীর্ষ মডেলদের একজন সারাহ, এক জরিপে নির্বাচিত হয়েছেন জার্মানির সবচেয়ে সুন্দরী নারী। বায়ার্নের একাডেমিতে থাকাকালেই সারাহর সঙ্গে শোয়েনস্টাইগারের পরিচয়, ভালোবাসার রাস্তায় হাঁটা শুরু বছর চারেক আগে। মিউনিখে দুজন এখন একসঙ্গেই থাকেন।সব মিলিয়ে জীবনটা তাঁর এখন খুবই গোছানো। এগিয়ে যাচ্ছেন ‘গ্রেট’ হওয়ার দিকে। সত্যিকারের গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সমপ্রতি বলেছেন, ‘বাস্তি আরও অনেক দূর যাবে, কারণ হেয়ারস্টাইলের চেয়ে ফুটবলটাকেই ও এখন বেশি গুরুত্ব দিতে শিখেছে!’ আরিফুল ইসলাম