বাহরাইনে অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
বাহরাইনে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা গেছেন। গতকাল রোববার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় ওই বাংলাদেশিরা ঘুমে ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন: সাঈদ আহমেদ, আবু তাহের, আবুল হাশেম, হানিফ, মোহাম্মদ আলী, সোলায়মান, সাত্তার, সিদ্দিক, শাহ আলম ও জাকির। তাঁদের নয়জনের বাড়ি কুমিল্লায়। একজনের বাড়ি চাঁদপুরে।প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাস সূত্রের বিবরণ অনুযায়ী, রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে-পূর্ব রিফা এলাকার একটি বাড়ির এক কক্ষে ১১ জন বাংলাদেশি একসঙ্গে থাকতেন। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় ওই কক্ষে হঠাৎ আগুন ধরে যায়। এতে দম বন্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। একজন বেঁচে যান। ১০ বাংলাদেশির মৃতদেহ সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের শবাগারে রাখা হয়েছে।বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন লেগে গেলে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। এতে দম বন্ধ হয়ে ১০ জন বাংলাদেশি মারা যান। ওই কক্ষে কোনো জানালা ছিল না। নিহত ব্যক্তিদের বাড়ি কুমিল্লা এলাকায়। তাঁরা কয়েকজন পরস্পরের আত্মীয়। বাহরাইনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পূর্ব রিফা এলাকায় প্রবাসী শ্রমিকেরা কম ভাড়ায় গাদাগাদি করে থাকেন। এসব ঘরে কোনো জানালা বা জরুরি বহির্গমন ব্যবস্থা নেই। বাহরাইন প্রবাসী বাংলাদেশি বশির আহমেদ জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। টাকা বাঁচাতে ওই বাংলাদেশিরা গাদাগাদি করে এক কক্ষে থাকতেন। আরও অনেকে এভাবে থাকেন।বাহরাইনের জননিরাপত্তাবিষয়ক প্রধান মেজর জেনারেল তারিক আল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হবে।