বাহরাইনে আগুন, নিহত দুজনের পরিচয় জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে যাওয়া ১৩ জনের মধ্যে দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে তাঁদের শনাক্ত করার চেষ্টার চলছে। নিহতদের বেশির ভাগই বৈধভাবে কাজ করতেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মহিদুল ইসলাম আজ রোববার দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে ওই দুজনের মরদেহ চিহ্নিত করার চেষ্টা চলছে। ১৩ জনের লাশই মানামার কিং হামাদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে রাখা আছে বলে জানান তিনি। আগুন লাগার ঘটনা তদন্তের অবস্থা জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, ‘পুলিশসহ বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, খুব দ্রুত ঘটনার তদন্ত হবে।’ ওই ভবনে থাকা বাকি বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, ‘ভবনটি থেকে বেঁচে যাওয়া ৭০ থেকে ৭৫ জন বাংলাদেশির সবার আবাসনের ব্যবস্থা করেছে দূতাবাস।’ প্রবাসী ওই শ্রমিকেরা বৈধ কি না, জানতে চাইলে মহিদুল বলেন, ‘এদের সবার কাগজপত্র পুড়ে গেছে। আমরা তাঁদের বন্ধুবান্ধব ও স্বজনদের বলেছি, কারও কাছে কোনো কাগজপত্র থাকলে আমাদের দিন।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম এরা হয়তো বৈধভাবে কাজ করছে না। কিন্তু আমরা ১১ জনের মধ্যে ছয়জনের তথ্য পেয়েছি যারা বৈধভাবেই চাকরি করতেন।’ প্রসঙ্গত, শুক্রবার বিকেলে রাজধানী মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগলে ১৩ প্রবাসী মারা যান। এদের মধ্যে ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে যাঁদের সবাই বাংলাদেশি। নিহত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের বোয়াখালীর চরখিজিপুর এলাকার শাকির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়ার পাথুয়া গ্রামের মাহবুব আলমের ছেলে রশিদ আহমেদ, মারিয়া এলাকার আবদুল আজিজের ছেলে জামাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ওয়ালী গ্রামের নাছের মিয়ার ছেলে জসিম, কাইতলার শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন ও স্বপন, বুড়িগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার ও চাঁন মিয়ার ছেলে জারু মিয়া, চাঁদপুরের কচুয়ার নওয়াপাড়ার আলমের দুই ছেলে শাহাদাত ও জারু মিয়া এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাশীপুর এলাকার আবদুর রহিমের ছেলে ওসমান গনি। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মহিদুল ইসলাম এই ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ বাহরাইনের বাদশা হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ওই ভবনের তিনটি কক্ষে পাকিস্তানি শ্রমিকেরা থাকতেন। আর বাকি কক্ষগুলোতে থাকতেন বাংলাদেশি শ্রমিকেরা। আগুন লাগার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাহরাইনের ‘গালফ ডেইলি নিউজ’ জানিয়েছে, ভবনের ২৬টি কক্ষে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের শ্রমিকেরা থাকতেন। তাঁদের বেশির ভাগই ছিলেন বাংলাদেশি। গণমাধ্যম বলছে, ওই ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং সেখানে যেসব প্রবাসী থাকতেন, তাঁদের বেশির ভাগেরই সুনির্দিষ্ট কোনো কোম্পানির কাজ ছিল না। ফলে তাঁরা যখন যেখানে ভালো সুবিধা পেতেন (ফ্রি ভিসা) সেখানেই কাজ করতেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মুহসিন চৌধুরী গতকাল শনিবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই ঘটনা হূদয়বিদারক। আমরা দূতাবাসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। নিহতরা যে কোম্পানিতে চাকুরি করতেন, সেখানে বকেয়া বেতন রয়েছে কি না, কত ক্ষতিপূরণ পাবেন—বিষয়গুলোর ব্যাপারেও আমরা খোঁজ খবর করছি।’ এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান। কেবল বাহরাইন নয়, বিশ্বের বিভিন্ন দেশে অল্প আয়ের প্রবাসী বাংলাদেশিরা অর্থ সঞ্চয় করতেই এভাবে গাদাগাদি করে থাকেন।