বাহরাইনে আগুনে দগ্ধ বাংলাদেশির মৃত্যু
বাহরাইনে আগুনে পুড়ে শাহিন মিয়া নামের এক বাংলাদেশি মারা গেছেন। গত ২৭ মার্চ আগুনে দগ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। শাহিন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা গ্রামের মোসলেমের ছেলে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বাহরাইনের নাঈম হাসপাতাল-সংলগ্ন একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিনসহ তিন বাংলাদেশি দগ্ধ হন। পরে তাঁদের বাহরাইনের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় শাহিনের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. মুহিদুল ইসলামকে উদ্ধৃত করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মোহসিন চৌধুরী আজ রাতে প্রথম আলো ডটকমকে জানান, মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাহীন মারা গেছেন। এর আগে আগুনে পুড়ে এ বছরের ১১ জানুয়ারি বাহরাইনে ১৩ এবং গত বছরের ২৭ মে ১০ বাংলাদেশি মারা যান।