বাহরাইনে জরুরি অবস্থা
রাজনৈতিক অস্থিরতার কারণে বাহরাইনে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।আজ মঙ্গলবার বিকেলে শিয়াদের ব্যাপক বিক্ষোভের কারণে জরুরি অবস্থা জারি করা হয়।গত কয়েক দিনে বিক্ষোভ চলাকালে ২০ বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। এ ছাড়া বিক্ষোভ চলাকালে বাংলাদেশিদের অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা।বাহারাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুহাম্মদ ইবরাহিম আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাহরাইনে আজ বিকেলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুই ঘণ্টার মধ্যে সব শহরে সেনাবাহিনী পৌঁছে যাবে বলে তাঁরা খবর পেয়েছেন।জানা গেছে, দেশটিতে বর্তমানে দেড় লাখের মতো বাংলাদেশি আছেন।মুহাম্মদ ইবরাহিম মুঠোফোনে জানান, বাহারাইনে এক লাখ ৪০ হাজারের মতো বাংলাদেশি আছেন। এর মধ্যে পুরোনো মানামা এলাকায় ১৫ হাজারের মতো বাংলাদেশি আছে। সেখানেই মূলত সমস্যা হচ্ছে।এ ছাড়া অন্যান্য এলাকায় বাংলাদেশিরা মোটামুটি নিরাপদে আছেন। রোববার পুরোনো মানামা এলাকায় শিয়া-সুন্নি সংঘর্ষের সময় ২০ জন বাংলাদেশি আহত হয়েছিলেন। পাঁচজন এখনো হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।বাহরাইন থেকে সিলেটের বশীর আহমেদ প্রথম আলোকে জানান, রোববার সন্ধ্যায় রাজধানী মানামার বাংলাদেশি এলাকা বলে পরিচিত বাঙালি গলিতে হামলা চালায় বিক্ষোভকারী। তাঁরা এ সময় তরবারি ও বড় রড-কাঠ নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। বাংলাদেশি মালিকানাধীন অন্তত ৫০ টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। দুই জন বাংলাদেশিকে ছুরিকাঘাতও করা হয়। একইভাবে আজ দুপুরে আবারও হামলা চালানো হয়। রবিউল ইসলাম নামে আরেক বাংলাদেশি জানান, রোববারে মানামার আধহারি হোটেলের সামনে এক হামলায় আমির হামজা নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথা ফেটে গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। বাহারাইনের ইংরেজি দৈনিক গালফ ডেইলি নিউজে প্রকাশিত হয়েছে, রোববার শিয়াদের হামলায় আবদুল মালিক (৩০) নামে এক পাকিস্তানি মারা গেছেন এবং তিন বাংলাদেশি আহত হয়েছেন। বাহারাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা কোন প্রবাসীর ওপর হামলা না চালানোর জন্য দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছেন। গালফ ডেইলি নিউজ পত্রিকায় আজ প্রকাশিত এক সংবাদে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনভাবেই কোন প্রবাসীর উপর হামলা মেনে নেবে না। তিনি বলেন, বাহারাইনের প্রবাসীরা আমাদের দেশে কাজের জন্য এসেছেন। বাহারাইনের উন্নতির জন্য তাদের অনেক অবদান আছে। কাজেই তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরেও দেশটির সব বিদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য বলেছে নিজ নিজ দূতাবাস। ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া ঘরেই থাকত বলেছে। অস্ট্রেলিয়ার বাহারাইন দূতাবাস তাদের কোন নাগরিককে বাহারাইনে আসতে নিষেধ করে দিয়েছে। বাহারাইনের গণমাধ্যমগুলো বলছে, পরিস্থিতি খারাপ হওয়ার পর বেশির ভাগ বিদেশি এখন আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না।