বাহরাইনে জরুরি অবস্থা প্রত্যাহার, সহিংসতা চলছে
বাহরাইন সরকার গতকাল বুধবার দেশে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, জারির ১১ সপ্তাহ পর জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। তবে গতকালও রাজধানী মানামার আশপাশের গ্রামে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালায়।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার হওয়ায় দেশে জীবনযাত্রা স্বাভাবিক হবে। আগামী মাসে সংস্কার বিষয়ে জাতীয় আলোচনা অনুষ্ঠিত হবে বলে বাদশাহ হামাদ আল খলিফা ঘোষণা দিয়েছেন।তবে বিরোধীদের আশঙ্কা, নির্যাতন-নিপীড়ন আগের মতোই অব্যাহত থাকবে ।সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত মার্চ মাসে বাহরাইন কর্তৃপক্ষ দেশে জরুরি অবস্থা জারি করে। বাহরাইনে সরকারবিরোধীরা রাজনৈতিক সংস্কার ও জনগণের স্বাধীনতার দাবিতে কয়েক মাস আগে বিক্ষোভ শুরু করে। তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটে|