বাহরাইনে তিন বাংলাদেশি অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে আগুনে দগ্ধ তিন বাংলাদেশিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বর্তমানে দেশটির সালমানিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে বাহরাইনের নাঈম হাসপাতাল-সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে গ্যাস সিলিন্ডার ও এয়ারকন্ডিশনের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে গোপালগঞ্জের দহরমপুর গ্রামের আজিজ সিকদারের ছেলে নুরুল ইসলাম, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা গ্রামের ফারুক বেপারীর ছেলে লাকু বেপারী এবং একই গ্রামের শাহীন দগ্ধ হন। তাঁরা তিনজনই আত্মীয় এবং একই কক্ষে থাকতেন।বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. মুহিদুল ইসলামকে উদ্ধৃত করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মোহসিন চৌধুরী আজ প্রথম আলো ডটকমকে অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত তিনজনকে সালমানিয়া হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে লাকু ও শাহিনের অবস্থা আশঙ্কাজনক। তবে দূতাবাস সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর রাখছে। এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি ১৩ জন এবং গত বছরের ২৭ মে ১০ জন বাংলাদেশি বাহরাইনে আগুনে পুড়ে মারা যান।