বাহরাইনে দগ্ধ বাংলাদেশিদের লাশ আসবে ২২ জানুয়ারি
বাহরাইনে আগুনে পুড়ে নিহত ১৩ বাংলাদেশির মরদেহ ২২ জানুয়ারি মঙ্গলবার দেশে আসবে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। মন্ত্রী বিমানবন্দর থেকে লাশগুলো গ্রহণ করে পরিবারকে বুঝিয়ে দেবেন বলে জানা গেছে। মন্ত্রী এর আগে জানিয়েছেন, লাশ দাফনের জন্য বিমানবন্দরে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় গত শুক্রবার আগুনে পুড়ে ওই বাংলাদেশিরা মারা যান।বাহারাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, লাশগুলো বর্তমানে বাদশা হামাদ বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। নিহত ১৩ জনের মধ্যে সাতজনের ভিসাই বৈধ ছিল বলেও জানিয়েছেন তিনি।