বাহরাইনে নিহত তিন শ্রমিকের মরদেহ চাঁদপুরে, আজ দাফন
বাহরাইনে আগুনে পুড়ে নিহত শ্রমিকদের মধ্যে তিনজনের লাশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় চাঁদপুরে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছেছে। আজ বুধবার বাদ জোহর জানাজা শেষে চাঁদপুরের তাঁদের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করার কথা। জেলার কচুয়া উপজেলার দক্ষিণ গোহাট ইউনিয়নের নাঁওপুড়া গ্রামের দুই ভাই শাহাদাত হোসেন ও টিটু মিয়ার লাশ গ্রহণ করেন তাঁদের বাবা শাহ আলম। কচুয়ার দক্ষিণ গোহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমির হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বাদ জোহর জানাজার পর দুই সহোদরকে দাফন করা হবে।জেলার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপর্দ্দী গ্রামের শাহিন খানের লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাই এ কে এম কামাল। বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহিনকে দাফন করা হবে।১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি বাসভবনে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি শ্রমিক নিহত হন। গতকাল সন্ধ্যায় তাঁদের মরদেহ দেশে পৌঁছায়। তাঁদের স্বজনেরা রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন।