বাহরাইনে নিহত পাঁচ শ্রমিকের দাফন
বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে পাঁচজনের মরদেহ আজ বুধবার সকালে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁরা হলেন নবীনগরের ওয়ালী গ্রামের আবু নাছের মিয়ার ছেলে জসিম (৪০), কাইতলার শহীদ মিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫) ও স্বপন মিয়া (২১)। অন্য দুজন বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের দিনমজুর আবুল বাশারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) ও ভৈরবনগর গ্রামের চাঁদ মিয়ার ছেলে জারু মিয়ার (৩৫) নামাজে জানাজা নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।কাইতলা যজ্ঞেশর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় নবীনগরের সাংসদ শাহ জিকরুল আহমেদ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম ও কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জানাজার আগে শাহ জিকরুল আহমেদ নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রথম আলো ডটকমকে জানান, ‘আজসহ মোট তিনদিন নিহত ব্যক্তিদের জন্য শোক পালন করা সিদ্ধান্ত নিয়েছে এলাকাবাসী। আগামীকাল বৃহস্পতিবার কাইতলা যজ্ঞেশর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে একটি শোক সভা আয়োজন করা হবে। আগামী শুক্রবার এলাকার প্রত্যেকটি মসজিদে নিহতের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।’এর আগে গতকাল গভীর রাতে বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ শ্রমিকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর সেখানে তাদের স্বজনদের বুকফাটা কান্না ও আহাজারিতে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি বাসভবনে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি শ্রমিক নিহত হন। গতকাল সন্ধ্যায় তাঁদের মরদেহ দেশে পৌঁছায়। তাঁদের স্বজনেরা রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।