বাহরাইনে নিহত বাংলাদেশিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে
বাহরাইনে নিহত ১০ বাংলাদেশির প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাহরাইনে তাঁরা যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানি থেকেও ক্ষতিপূরণ আদায় করা হবে।আজ মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।মন্ত্রী বলেন, নিহত শ্রমিকদের লাশ শিগগিরই দেশে নিয়ে আসা হবে। তিনি বলেন, বাহরাইনে বাংলাদেশ বিমানের কোনো এয়ার লাইনস নেই। এ কারণে গলফ এয়ারের বিমান পাঠিয়ে শ্রমিকদের লাশ নিয়ে আসা হবে।খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, বাহরাইনে যেতে শ্রমিকদের ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হওয়ার কথা। সেখানে বাহরাইনে যেতে শ্রমিকদের দুই লাখ টাকা খরচ করতে হচ্ছে। যাতায়াতের অতিরিক্ত ওই টাকা উশুল করতে তাঁদের একটি কক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে। কষ্টে কাটাতে হচ্ছ জীবন। এই টাকা তুলতে শ্রমিকদের মানসিক চাপে থাকতে হচ্ছে।সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অভিবাসন খরচ কমাতে তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। এ কারণে এখন সরকারিভাবে লোক পাঠানোর চিন্তা করছি।’বেশির ভাগ সময় বিদেশে শ্রমিক মারা যাওয়ার কারণ হিসেবে হূদরোগের কথা উল্লেখ করা হয়। শ্রমিকেরা বিদেশে সত্যিই হূদরোগে মারা যান কি না, জানতে চাইলে মন্ত্রী প্রথম আলো ডটকমকে জানান, পরিবারের অভিযোগ পেলে শ্রমিকদের লাশের ময়নাতদন্ত করা হবে।