বাহরাইনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন বাংলাদেশি শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সফররত বাহরাইনের সংসদীয় প্রতিনিধি দল।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ-বাহরাইন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাহরাইনের সাংসদ মাহমুদ ইউসুফ আল মাহমুদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, মোহাম্মদ সালেম বোকায়েস ও খালেদ জসিম আলী আল মালাউদ। বাংলাদেশ-বাহরাইন মৈত্রী গ্রুপের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের সদস্যদের মধ্যে ছিলেন এ কে এম মাঈদুল ইসলাম, মাহমুদ উস সামাদ চৌধুরী, নূরুল ইসলাম (বিএসসি) ও ফজিলাতুন নেসা বাপ্পি। বৈঠকে জানানো হয়, বর্তমানে বাহরাইনে বাংলাদেশের প্রায় ৭৫ হাজার বাংলাদেশি কর্মরত। সাংসদেরা অতি দ্রুত বাহরাইনে বাংলাদেশের দূতাবাস স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও জনশক্তি রপ্তানির সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।