বাহরাইনে নিহতদের প্রত্যেক পরিবার দুই লাখ টাকা পাবে
বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যাওয়া প্রত্যেক বাংলাদেশির পরিবারকে দুই লাখ টাকা করে দেবে সরকার। এ ছাড়া তাঁদের প্রত্যেকের মরদেহ দেশে আনার পর দাফনের জন্য আরও ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান ও বিএমইটির মহাপরিচালক শামসুন্নাহারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বাহারাইনে নিহত বাংলাদেশিদের মৃতদেহ অতি স্বল্পতম সময়ে দেশে আনা হবে। সরকার এ বিষয়ে সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিহত ব্যক্তিদের মরদেহ দেশে আনতে যে খরচ হবে, সেই খরচও সরকার বহন করবে। এ ছাড়া নিহত ব্যক্তিরা যেসব কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানি থেকে তাঁদের পাওনা বেতন ও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টাও করা হচ্ছে। এর আগে বাহরাইনের সংসদীয় দলের সদস্য ইউসুফ আল মাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে।সাক্ষাতে দলের সদস্যরা বাংলাদেশি কর্মী নিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে সম্প্রতি অগ্নি দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করেন। তাঁরা বাহরাইনে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজেরও প্রশংসা করেন।প্রতিনিধিদলের এই সফরের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘বাহরাইন আমাদের ভ্রাতৃপ্রতীম দেশ। অতীতের মতো ভবিষ্যতেও তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। প্রতিনিধিদল বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও শ্রমিকদের অধিকার সংরক্ষণসহ সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়।’এদিকে বাহারাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যে ভবনে ১৩ বাংলাদেশি মারা গেছেন সেই ভবনের মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৩৫ বছরে ওই ভবনটির কোনো সংস্কার হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বাহারাইনের মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়েছেন। গত শুক্রবার বিকেলে মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগলে ১৩ বাংলাদেশি মারা যান।