বাহরাইনে পুড়ে যাওয়া বাকি দুজনও বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে মারা যাওয়া ১৩ জনই বাংলাদেশি। গত শুক্রবার সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা মারা গেলেও দুজনের পরিচয় তখন জানা যায়নি। আজ সোমবার এ দুজনেরও পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলাম এবং চাঁদপুরের মতলবের আবদুস সাত্তার খানের ছেলে শাহিন খান। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মহিদুল ইসলাম আজ সোমবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘শনিবারই ১১ বাংলাদেশির পরিচয় আমরা শনাক্ত করেছিলাম। বাকি দুজনের পরিচয়ও মিলেছে। তাঁদের সবার মরদেহ মানামার কিং হামাদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে রাখা আছে। তদন্ত শেষ হলেই লাশ দেশে পাঠানো হবে।’ওই ভবনে থাকা বাকি বাংলাদেশিদের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, ‘ভবনটিতে অন্তত ৯০ জন বাংলাদেশি থাকতেন। সেটি পুড়ে ধসে যাওয়ায় অনেকেরই এখন থাকার ব্যবস্থা নেই। তাই ৭০ থেকে ৭৫ জন বাংলাদেশির সবার আবাসনের ব্যবস্থা করেছে দূতাবাস। তাঁদের তিন বেলা খাওয়া এবং শীতের কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত তাঁদের এই সহযোগিতা দেওয়া হবে।’ গত শুক্রবার বিকেলে রাজধানী মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগলে ১৩ জন মারা যান। এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান।