বাহরাইনে পুলিশের হামলায় ৩ বিক্ষোভকারী নিহত
বাহরাইনে পুলিশের হামলায় অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত এবং প্রায় তিন শতাধিক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী মানামার পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার সময় পুলিশের রাবার বুলেটের আঘাতে এ ঘটনা ঘটে।এদিকে বাহরাইনে সব ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেনাবাহিনীকে বিক্ষোভ দমন করার জন্য সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পার্লামেন্টে বিরোধী সদস্যদের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে। তবে বাহরাইনের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্লামেন্টে শিয়া প্রধান বিরোধী ওয়েফাক পার্টির সাংসদ ইব্রাহিম মাত্তার বলেন, ‘আমি সেখানে ছিলাম। লোকজন দৌড়ে পালাচ্ছিল। এটা নিশ্চিত, দুজন নিহত হয়েছে। আরও অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।’ একই দলের আরেক এমপি সৈয়দ হাদি নিশ্চিত জানান, ‘হামলার তৃতীয় আরেক ব্যক্তি নিহত হয়। আহত হয়েছে আরো কয়েক ডজন।’ চলতি সপ্তাহে শুরু হওয়া বাহরাইনের এ বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচে দাঁড়াল। গত সোমবার ও মঙ্গলবার পুলিশের সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত হয়েছিল।এদিকে বিক্ষোভকারীরা টেলিফোনে রয়টার্সকে পার্ল স্কয়ারে হামলার বিভিন্ন বর্ণনা দেয়। তারা অভিযোগ করে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ পার্ল স্কয়ারে শান্তিপূর্ণ জমায়েতে হামলা চালায়। হামলার সময় বেশির ভাগ বিক্ষোভকারীই ঘুমিয়ে ছিল বলে তারা জানায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই কয়েক শ দাঙ্গা পুলিশ পার্ল স্কয়ারে অভিযান শুরু করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের দিকে মুহুর্মুহু টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। তারা বিক্ষোভকারীদের অস্থায়ী ক্যাম্পগুলোও গুঁড়িয়ে দেয় । এতে বিক্ষোভকারীরা ক্যাম্প ছেড়ে চলে যেতে বাধ্য হন । বিবিসি জানিয়েছে, এ মুহূর্তে পার্ল স্কয়ার প্রায় ফাঁকা হয়ে গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পার্ল স্কয়ারের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। ৫০টির বেশি সামরিক যান ঘটনাস্থল ঘিরে রেখেছে। মিসরে আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল তাহরির স্কয়ারের মতো বাহরাইনের বিক্ষোভকারীরা পার্ল স্কয়ারে দীর্ঘমেয়াদি আন্দোলনের লক্ষ্যে অস্থায়ী ক্যাম্প তৈরি করে। সেখান থেকেই চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভ করছে হাজার হাজার শিয়া ধর্মাবলম্বী। বাহরাইনের রাজপরিবার সুন্নি ধর্মাবলম্বী। যদিও দেশটিতে অধিকাংশ মানুষ শিয়া অনুসারী। প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল-খলিফাকে বরখাস্ত, বৃহত্ পরিসরে রাজনৈতিক সংস্কার, পার্লামেন্টের ক্ষমতায়ন, নতুন সংবিধান, নতুন মন্ত্রিসভা, রাজনৈতিক বন্দীদের মুক্তি, চাকরি ও গৃহায়ণের দাবিতে বিক্ষোভ করছে বিরোধীরা। ১৯৭১ সালে আধুনিক বাহরাইন প্রতিষ্ঠার পর থেকে খলিফা বিন সালমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল-খলিফার চাচা। বাহরাইনের রাজা এক দশক আগে নতুন সংবিধান প্রবর্তন করে কিছু রাজনৈতিক অধিকার দিয়েছিলেন। তবে বিরোধীরা বলছে এটা গণতন্ত্রের জন্য যথেষ্ট নয়। কারণ, মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এখনো রাজপরিবার থেকে নির্বাচন করা হয়। ওয়েফাক পার্টির সাধারণ সম্পাদক শেখ আলী সালমান গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, আমরা চাই বেসামরিক গণতন্ত্র্র। যেখানে ক্ষমতার উত্স হবে জনগণ। আর এ জন্য নতুন সংবিধানের প্রয়োজন।’যুক্তরাষ্ট্র বাহরাইনের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে । সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে গতকাল বলেন, ‘আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’