বাহরাইনে বিক্ষোভ পালনে জড়ো হচ্ছে বিরোধী পক্ষ
বাহরাইনে সরকারবিরোধী পক্ষ পূর্বঘোষিত ব্যাপক বিক্ষোভের কর্মসূচি পালনের জন্য জড়ো হতে শুরু করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বাহরাইনে সামরিক আইন জারি আছে এবং গত সপ্তাহে দেশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজকের এ কর্মসূচি পালনের পেছনে কারা সক্রিয় তা স্পষ্ট নয়। কিছু ই-মেইল ব্যবহার করে এবং ইন্টারনেটের মাধ্যমে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।বাহরাইনে সরকারবিরোধীরা রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার দাবি করে আসছে। এদের বেশির ভাগই শিয়া মুসলিম। সেখানে সুন্নি মতাবলম্বী আল খলিফা পরিবার ক্ষমতাসীন। গত মাসে এ পরিবার ও সরকারের বিপক্ষে গণপ্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। গত সপ্তাহে বাহরাইন সরকার প্রতিবেশী দেশগুলোর সেনাবাহিনী ডেকে আনে এবং দেশে সামরিক আইন জারি করে। পরে রাস্তায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের জন্য শাস্তির বিধানও জারি করে।বাহরাইনে ৬০ শতাংশের বেশি লোক শিয়া মতাবলম্বী এবং তারা সাংবিধানিক রাজতন্ত্রের পক্ষে।