বাহরাইনে বিরোধী ছয় নেতাকে গ্রেপ্তার
বাহরাইনে অন্তত ছয়জন বিরোধী কট্টরপন্থী নেতাকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজধানী মানামার পার্ল স্কয়ার থেকে হটিয়ে দেওয়ার পরের দিন তাঁদের গ্রেপ্তার করা হলো। বার্তা সংস্থা রয়টার্স বিরোধী শিয়া ওয়েফাক পার্টির বরাত দিয়ে এ খবর জানায়।ওয়েফাক পার্টির নেতা ও পার্লামেন্ট সদস্য মাত্তার ইব্রাহিম টেলিফোনে রয়টার্সকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, কট্টরপন্থী শিয়া হক মুভমেন্টের হাসান মুশাইমা, সেকুলার বামপন্থী ওয়াদ পার্টি প্রধান ইব্রাহিম শরিফ ও ওয়াফা নেতা আবদেল ওয়াহাব হোসেন এঁদের মধ্যে রয়েছেন। তাঁরা সে দেশের রাজতন্ত্রের অবসানের দাবিতে চলমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তবে গ্রেপ্তার বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাত্ক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া তাঁদের কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাও জানা যায়নি। এদিকে রয়টার্স জানিয়েছে, গতকালের অভিযানের পর মানামার রাজপথ আজ শান্ত রয়েছে।বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল রাজধানী মানামার পার্ল স্কয়ারে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এতে অন্তত ছয়জন বিক্ষোভকারী নিহত হয়। তবে পুলিশ তিনজন বিক্ষোভকারী নিহত হওয়ার কথা জানিয়েছে। এর আগে বিক্ষোভ দমনে বাহরাইনের বাদশা শেখ হামাদ বিন ঈসা আল খলিফা গত মঙ্গলবার সামরিক আইন জারি করেন।