বাহরাইনে মানবাধিকার কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের পুলিশ দেশটির প্রখ্যাত মানবাধিকার কর্মী ও ব্লগার জয়নাব আল খাওয়াজাকে আটক করেছে। রাজধানী মানামার কাছে বিক্ষোভকালে তাঁকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের আজ শুক্রবারের খবরে বলা হয়, সরকারবিরোধী ওই বিক্ষোভে অংশ নেওয়া শত শত আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাস ও চেতনানাশক উপাদান দিয়ে তৈরি গ্রেনেড নিক্ষেপ করে।সুন্নি সম্প্রদায় নিয়ন্ত্রিত রাজতান্ত্রিক শাসকদের কাছে অধিকতর অধিকারের দাবিতে গত ১০ মাস ধরে আন্দোলন করে আসছে সংখ্যাগরিষ্ঠ শিয়ারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন মানবাধিকার দূত মাইকেল পোসনার বাহরাইন সফরে গেলে বিক্ষোভ আবারও চাঙা হয়ে ওঠে। আন্দোলনকারীদের দাবির মুখে বাদশাহ হামাদও কিছু অধিকার দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।বিবিসির খবরে বলা হয়, জয়নাব আল খাওয়াজা দেশটির মানবাধিকার কর্মী এবং বিরোধীদলীয় শীর্ষ এক নেতার মেয়ে। তিনি মানামার পশ্চিম বুধায়া মহাসড়কের গোল চত্বরের পাশে বিক্ষোভ করছিলেন। পুলিশ তাঁকে সরে যেতে বলে। তবে তিনি তা করতে অস্বীকৃতি জানালে তাঁকে হাতকড়া পড়িয়ে নিয়ে যায় পুলিশ।আটকের আগে জয়নাব টুইটারে লিখেছিলেন, ‘বাদশাহ হামাদের পতনের দাবিতে বুধাইয়া সড়কের গোল চত্বরে বসে আছি। বেশ কিছু মেয়েও আমাদের দলে যোগ দিয়েছে।’ তবে জয়নাবের আটকের ব্যাপারে বাহরাইনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।