বাহরাইনে সংকট নিরসনে জাতীয় সংলাপের প্রস্তাব
বাহরাইনে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা গতকাল শুক্রবার সব দলের সঙ্গে জাতীয় সংলাপের প্রস্তাব দিয়েছেন। তবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে তাত্ক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি অনলাইনের খবরে জানা গেছে, সব পক্ষকে নিয়ে সংলাপে বসতে বাদশাহ ইসা আল-খলিফা তাঁর বড় ছেলে ক্রাউন প্রিন্স (সিংহাসনের উত্তরাধিকারী) শেখ সালমান বিন হামাদ আল-খলিফাকে দায়িত্ব দিয়েছেন। এর আগে ক্রাউন প্রিন্স এক বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সংঘাত নয়, এখন সংলাপের সময়।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সন্ধ্যায় টেলিফোনে বাহরাইনের বাদশার সঙ্গে কথা বলেন। হোয়াইট হাউস জানায়, এ সময় প্রেসিডেন্ট ওবামা বাহরাইনের রাজপথে সহিংসতার নিন্দা করেন এবং সরকারকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। মিসর ও তিউনিসিয়ার সফল আন্দোলনে অনুপ্রাণিত হয়ে চলতি সপ্তাহে বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন বিক্ষোভকারী নিহত হয়। গত বৃহস্পতিবার কয়েক শ দাঙ্গা পুলিশ পার্ল স্কয়ারে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের তাঁবু গুঁড়িয়ে দেয়। তখন চারজন বিক্ষোভকারী নিহত হয়। এ ছাড়া গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুজন নিহত হয়েছিল।