বাহরাইনে সহিংসতায় পাঁচ বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। এঁদের মধ্যে আমির হামজা রাজধানী মানামার সালমানিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বাংলাদেশিদের মালিকানাধীন কিছু দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। বাহরাইনপ্রবাসী কয়েকজন বাংলাদেশি এসব তথ্য জানিয়েছেন।এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, রোববার মানামায় সংঘর্ষের সময় পাঁচ বাংলাদেশি গুরুতর আহত হন। তাঁদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লার অধিবাসী আমির হামজাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি দেখতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সে দেশের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।এদিকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আলী আকবর সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ (মঙ্গলবার) এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিক্ষোভকারীরা মূলত পার্ল রাউন্ড অ্যাবাউটে জড়ো হয়ে লোকজনকে কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। বাংলাদেশিদের শুধু কর্মক্ষেত্র ও বাসা ছাড়া অন্য জায়গায় চলাচল না করতে পরামর্শ দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোববার পুরোনো মানামা এলাকায় শিয়া-সুন্নি সংঘর্ষের সময় ২০ জন বাংলাদেশি আহত হন। তাঁদের পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।বাহরাইন প্রবাসী রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, রোববার মানামার আধহারি হোটেলের সামনে হামলায় হামজার মাথা ফেটে গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুই বাংলাদেশি আহত হন।বাহরাইন থেকে সিলেটের বশির আহমেদ জানান, রোববার সন্ধ্যায় মানামার বাংলাদেশি এলাকা বলে পরিচিত বাঙালি গলিতে তরবারি, রড ও কাঠের বড় লাঠি নিয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। বাংলাদেশি মালিকানাধীন অন্তত ৫০টি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়। দুজন বাংলাদেশিকে ছুরিকাঘাত করা হয়। গতকাল দুপুরে আবার হামলা হয়।রোববারের ভাঙচুর ও লুটপাটের পর প্রবাসী বাংলাদেশিরা কিছুটা আতঙ্কে রয়েছেন।বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুহাম্মদ ইবরাহিম বিকেলে মুঠোফোনে জানান, বাহরাইনে এক লাখ ৪০ হাজারের মতো বাংলাদেশি আছেন। এর মধ্যে পুরোনো মানামা এলাকায় আছে ১৫ হাজারের মতো। সেখানেই মূলত সমস্যা হচ্ছে। অন্যান্য এলাকায় বাংলাদেশিরা মোটামুটি নিরাপদে আছেন।সরকারি হিসাব অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৪২৩ জন বাংলাদেশি বাহরাইন গেছেন। তবে প্রবাসীরা জানান, এঁদের অনেকে দেশে ফিরে গেছেন। ফলে সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা দেড় লাখের মতো।