বাহরাইনে হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন আবদুল হান্নান (পাসপোর্ট নম্বর এক্স-০০৬৩২১১) ও মো. এখলাছ (পাসপোর্ট নম্বর আর-০৫৭৮৫৯৭)। তাঁদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। গত মঙ্গলবার রাতে কাজ শেষে ক্যাম্পে ফেরার সময় বিক্ষোভকারীরা তাঁদের ওপর হামলা করে। একপর্যায়ে তাঁদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়। একই ঘটনায় বাহরাইনের এক পুলিশ কর্মকর্তাও নিহত হন।বাহরাইনের রাজধানী মানামা থেকে সিলেটের বশির আহমেদ গতকাল বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সিতরা এলাকায় বিক্ষোভকারীরা ওই দুই বাংলাদেশির ওপর গাড়ি তুলে দিলে তাঁরা নিহত হন। মঙ্গলবার রাত ও গতকাল সারা দিন মানামার বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে।বাহরাইন থেকে কুমিল্লার শাহিন জানান, তিনি জিডহাস এলাকায় থাকেন। সেখানে বাংলাদেশিদের ক্যাম্পে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করে। আতঙ্কে মঙ্গলবার সারা রাত তাঁরা জেগে ছিলেন।বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুহাম্মদ ইবরাহিম বিকেলে প্রথম আলোকে জানান, বিক্ষোভকারীদের হামলায় দুই বাংলাদেশি হান্নান ও এখলাছ নিহত হয়েছেন। তাঁদের লাশ খুব শিগগির দেশে পাঠানোর চেষ্টা করা হবে। তাঁরা ১৪-১৫ বছর ধরে ওই দেশে আছেন এবং আল বিদায়া নামে একটি নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ শেষে ক্যাম্পে ফেরার সময় তাঁরা হামলার শিকার হন। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে তাঁদের কোম্পানি দুঃখ প্রকাশ করেছে।অন্য বাংলাদেশিদের অবস্থা কী, জানতে চাইলে মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘বাহরাইনে কারফিউ চলছে। বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ। অনেক বাংলাদেশি মুঠোফোনে জানাচ্ছেন, তাঁদের ক্যাম্পে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা করছেন। আমরা বাহরাইনের পুলিশকে ঘটনা জানাচ্ছি।’এর আগে রোববার বিক্ষোভকারীদের হামলায় আবদুল মালিক (৩০) নামে এক পাকিস্তানি মারা যান। সেদিন সরকারবিরোধীদের হামলায় ২০ বাংলাদেশি আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন চিকিৎসাধীন। এ ছাড়া বাংলাদেশি মালিকানাধীন অন্তত ৫০টি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়। এসব ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা কিছুটা আতঙ্কে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাহরাইনে বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা দেড় লাখের মতো। বাংলাদেশ দূতাবাসের মতে, সেখানে বাংলাদেশির সংখ্যা এক লাখ ৪০ হাজারের মতো।বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হামলায় এ পর্যন্ত ১৭ জন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন তাদের নাগরিকদের দ্রুত বাহরাইন ছাড়তে বলেছে।বাহরাইনের ইংরেজি দৈনিক গালফ ডেইলি নিউজ-এর এক খবরে বলা হয়েছে, পাকিস্তান দূতাবাস তার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের হামলায় এ পর্যন্ত ১৩ জন পাকিস্তানি আহত হয়েছেন। এ ছাড়া মানামার সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক পাকিস্তানিকে সেখান থেকে বের করে পিটিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন রাস্তায় বিক্ষোভকারীরা ব্যারিকেড দিচ্ছে। ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। আল ওয়াসাত নামে বাহরাইনের একটি পত্রিকার কার্যালয়েও হামলা হয়েছে।