বাহাত্তর বছরেও সবুরা খাতুন বয়স্ক ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুরা খাতুনের বয়স ৭২। বাসস্থান মেঘনা এতবার ভেঙেছে যে এখন বলতে পারেন না, তাঁর মৃত স্বামী রহিজুল হকের বাড়ি কোন গ্রামে ছিল। বর্তমানে তিনি আছেন ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে। মেঘনার মধ্যে জেগে ওঠা চর। বাবার বাড়ির দূরসম্পর্কের আত্মীয়রা শেষবার ভাঙনে আশ্রয় হারানোর পর, তাঁকে ২৪ শতাংশ জমি দিয়েছেন বছর ছয়েক আগে। কান্নাভরা কণ্ঠে কাঁপতে কাঁপতে সবুরা খাতুন বলেন, ‘অ্যক্সুম আঙগো সব আছিল, আইজ কিচ্ছু নাই, গাঙে সব লোইয়্যা গেছে। অ্যহোন এই চরের মাইদ্যে বান-তুফানে ল্যগে আছি।’তিনি জানান, গত সিডর ও আইলায় তাঁর ঘরটি ভেঙে যায়। ভাগ্য ভালো, এ সময় তিনি ঘরে ছিলেন না। গ্রামবাসীর সহযোগিতায় ঘরটি আবার খাড়া হয়। প্রতি বর্ষা মৌসুমে জোয়ারে ঘরের দাওয়ার কিনারে পানি ওঠে। একটু বাতাস হলেই আল্লাহকে ডাকেন। যেকোনো সময় বন্যায় ভাসিয়ে নিতে পারে অথবা বাতাস উড়িয়ে নিতে পারে। কিন্তু তিনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন না। ঘরে থাকেন বিধবা প্রতিবন্ধী মেয়ে গোলেনুর বেগম (৩১)। তাঁর জন্ম থেকেই এক হাত নেই। তার পরও সময়মতো বিয়ে হয়েছিল। সে ঘরে আছে এক ছেলে। এক হাতেই সংসারের কাজ করতেন। অভাব-অনটনে চলে যেত সংসার। কিন্তু চার বছর আগে স্বামী ফারুক মারা যান। নিঃস্ব স্বামীর ঘর ছেড়ে মায়ের ভাঙা কুটিরে এসে ঠাঁই নেন গোলেনুর। গোলেনুর মাঝেমধ্যে অন্যের বাড়িতে কাজও করেন। কিন্তু চরের সবাই গরিব। অন্যকে সাহায্য করার সামর্থ্য তাঁদের কমই। তবুও হাঁড়ি-পাতিল ধুয়ে দিলে দিন শেষে এক কেজি ধান, কখনো বা এক পোয়া চাল পান। ধান উঠলেও কিছু পেয়ে থাকেন। মা সবুরা খাতুন বয়সের ভারে আর নানা রোগে ঠিকমতো নড়তে পারেন না। চরের উঁচু ঘরে উঠতে কষ্ট হয়। এলাকার গ্রাম পুলিশ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সবুরা খাতুন বয়স্ক ভাতা কিংবা অন্য কোনো সাহায্য পান না।’ মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘সবুরা খাতুনকে আগামীতে বয়স্ক ভাতা দেওয়ার তালিকায় রাখা হয়েছে।’