বাহাত্তরের নথিপত্র লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান প্রণয়নের প্রামাণিক দলিলসংক্রান্ত ঐতিহাসিক নথিপত্রের হদিস পাওয়া যাচ্ছে না। আইন মন্ত্রণালয়ের মতে, নথিগুলোর দাপ্তরিক কর্তৃপক্ষ সংসদ সচিবালয়। সংসদ সচিবালয় বলছে, নথিগুলো আইন মন্ত্রণালয়েও থাকতে পারে। তবে ব্যাপক তল্লাশি চালিয়েও এর কোথাও নথিগুলোর হদিস মেলেনি। ন্যাশনাল আর্কাইভসেও নেই।সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকের কার্যবিবরণী, প্রতিটি অনুচ্ছেদের খসড়া, সদস্যদের মতামত, বাংলা তর্জমা কমিটি, অলংকরণ কমিটি ও সংবিধান ছাপাসংক্রান্ত সব তথ্য ওই সব নথিতে ছিল।সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সংবিধান প্রণয়ন বিষয়ে তিনটি নথি ছিল। এর মধ্যে মূল নথিটি হলো কমিটির বৈঠকের কার্যবিবরণীসংক্রান্ত। অনেক আগেই এসব নথি জাদুঘরে পাঠানো উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলো, নথিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হয়নি। তিনি মনে করেন, খোঁজাখুঁজি করলে নথিগুলো পাওয়া যেতে পারে। এ ব্যাপারে সরকারকেই উদ্যোগী হতে হবে।এশিয়াটিক সোসাইটির সভাপতি, ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘নথিগুলো আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল রাষ্ট্রের হেফাজতে নেই, বিষয়টি আত্মঘাতী। অথচ আমেরিকানরা ১৭৭৫ সালে তাদের সংবিধান তৈরি করেছে। সেই সংবিধানে স্বাক্ষর করা কলম, প্রতিটি খসড়া কাগজ এখনো নিউইয়র্কের জাদুঘরে সংরক্ষিত আছে।’১৯৭২ সালের ১১ এপ্রিল কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে সংবিধান প্রণয়ন বিষয়ে মোট ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়। এ-সংক্রান্ত কোনো কাগজপত্রেরও হদিস নেই। ১২ অক্টোবর তৎকালীন আইনমন্ত্রী কামাল হোসেন সংবিধান বিল গণপরিষদে উত্থাপন করেন। ৪ নভেম্বর বিলটি পাস হয়।খসড়া সংবিধান পর্যালোচনার জন্য আনিসুজ্জামানকে আহ্বায়ক এবং সৈয়দ আলী আহসান ও মযহারুল ইসলামকে সদস্য করে ভাষা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সে-সম্পর্কিত কোনো কাগজপত্রও নেই। তবে আনিসুজ্জামান প্রথম আলোকে বলেছেন, সংবিধানের তর্জমাসংক্রান্ত অল্প কিছু খসড়া কাগজ তাঁর কাছে রয়েছে।কামাল হোসেন ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম জানিয়েছেন, কমিটির বৈঠকগুলো হয়েছে তেজগাঁওয়ে গণপরিষদ ভবনে (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়)। খসড়া প্রণয়নে কমিটিকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইনপ্রণেতা (ড্রাফটসম্যান) আর আই গাথরি। প্রতিটি বৈঠকেই সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে সদস্যদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনা হয়েছে। আমীর-উল ইসলাম জাতীয় ফুল হিসেবে শাপলার পরিবর্তে রজনীগন্ধার প্রস্তাব করেছিলেন। শেষ পর্যন্ত কমিটি শিল্পী কামরুল হাসানের পরামর্শ নিয়ে বিষয়টি চূড়ান্ত করে।সংবিধানের স্থানীয় সরকার ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণসংক্রান্ত অনুচ্ছেদগুলোও আমীর-উল ইসলামের প্রস্তাবে আসে। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা (অনুচ্ছেদ ৩৮) ও সাংসদদের ফ্লোরক্রসিং নিষিদ্ধ করার বিধান (অনুচ্ছেদ ৭০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে গ্রহণ করা হয়। এমন আরও অসংখ্য বিষয় কমিটির বৈঠকের কার্যবিবরণীতে ছিল। সংসদ সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, তেজগাঁও থেকে সংসদ কার্যালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের সময় এসব নথি হারিয়ে যেতে পারে।স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ঐতিহাসিক এসব দলিলের কিছুই সংসদ সচিবালয়ে নেই। স্বাধীনতার পর অনেকেই ক্ষমতায় ছিল। হতে পারে কেউ নষ্ট করে ফেলেছে। উচিত ছিল এসব দলিল যথাসময়ে যথাস্থানে সংরক্ষণ করা। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, এসব নথি কোথায় ছিল বা আছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা থাকা উচিত ছিল। পরের প্রজন্মকে জানানোর জন্যই এসব নথির গুরুত্ব অপরিসীম। কোনো কারণে যদি এসব দলিল না পাওয়া যায়, তাহলে সেটা হবে ইতিহাস নষ্ট করার শামিল।সংবিধান অলংকরণ ও ছাপাসংক্রান্ত নথিবদ্ধ তথ্যাদিও পাওয়া যায় না। অলংকরণের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছিল। এই কমিটির সদস্য ছিলেন শিল্পী হাশেম খান, জনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারক আলভী।হাশেম খান ও বিজি প্রেসের তৎকালীন উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, সংবিধান ছাপাতে মোট ১৪ হাজার টাকা ব্যয় হয়েছিল। অলংকরণের কাজ করেছিলেন হাশেম খান নিজে। সংবিধানটি হাতে লিখেছিলেন শিল্পী আবদুর রউফ। প্রচ্ছদের রঙিন পাতাগুলো এবং পুস্তানি (প্রচ্ছদের পরের পাতা, যেখানে নকশিকাঁথা ছাপা হয়েছিল) রিগ্যাল প্রেসে ছাপা হয়। মূল এই সংবিধান বর্তমানে জাতীয় জাদুঘরে রয়েছে।ইংল্যান্ডের তৈরি ১৯৪৮ সালের ‘ক্র্যাবট্রি’ ব্র্যান্ডের দুটি অফসেট মেশিনে সংবিধান ছাপা হয়েছিল। বর্তমানে ছাপার কাজে ব্যবহারের অযোগ্য ওই দুটি মেশিন বিজি প্রেসের বারান্দায় পড়ে আছে।