বাহাত্তরের সংবিধানে ফিরতে বিল উত্থাপনের আভাস দুই মন্ত্রীর
সংবিধানের পঞ্চম সংশোধনীসংক্রান্ত আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরই সরকার সংবিধান সংশোধনে হাত দেবে। এরপর দ্রুত তা বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শুক্রবার রাজধানীতে দুটি অনুষ্ঠানে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার লক্ষ্যে সংসদে বিল উত্থাপনের বিষয়ে এই আভাস দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারের একাধিক সূত্র জানিয়েছে, এ-সংক্রান্ত খসড়া এখনো তৈরি হয়নি। এটি তৈরির জন্য পঞ্চম সংশোধনীসংক্রান্ত আপিল বিভাগের রায়ের অনুলিপি পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। তবে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন গতকালই এক পৃথক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবে না। গতকাল আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ করে উচ্চ আদালতের দেওয়া রায়ের ফলে পুনরায় মুুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সংবিধানে কী কী সংশোধনী আনতে হবে, সে বিষয়ে হাইকোর্টের রায়ে নির্দেশনা দেওয়া আছে। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরই এর আলোকে সংবিধান সংশোধনের খসড়া তৈরির কাজ শুরু হবে। তারপর প্রাসঙ্গিক অন্যান্য কাজ শেষ করে তা বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বলেন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নয়, বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে সংসদের মাধ্যমে। সে জন্য সরকার শিগগির সংসদে বিল আনবে। ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ বলে রায় দেন। তবে তৎকালীন চারদলীয় জোট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন রাতেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি তা স্থগিত করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৩ মে লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করা হয়। ওই বছরের ২৫ মে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও মো. কামরুজ্জামান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাঁদের আবেদন খারিজ করেন। এরই মধ্যে আইনমন্ত্রীসহ সরকারপক্ষের একাধিক নেতা বিভিন্ন পর্যায়ে জানিয়েছেন, সংবিধানের প্রস্তাবনা, মূলনীতি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের ব্যাপারে বাহাত্তরের সংবিধানে যা ছিল, তা ফিরিয়ে আনা হবে।