বাহাত্তরের সংবিধানে ফিরে গেলেও রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল থাকলে বাহাত্তরের সংবিধানের মূল চার নীতি—জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের আদর্শে দেশ পরিচালিত হবে। বাহাত্তরের সংবিধানে ধর্মের নামে রাজনীতি, সমিতি, সংগঠন ও সংঘ করা নিষিদ্ধ ছিল।গতকাল সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, তবে সংবিধানে পরে সংযুক্ত রাষ্ট্রধর্ম ইসলাম এবং ‘বিসমিল্লাহির রাহ্মানির রাহিম’ পরিবর্তন করা হবে না।আইনমন্ত্রী বলেন, সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সরকারের এ সংক্রান্ত আবেদন গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আবেদনের শুনানি হবে ১৮ জানুয়ারি।আইনমন্ত্রী বলেন, হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সরকার সংবিধান সংশোধন সম্পর্কে পরবর্তী সব ব্যবস্থা নেবে আইন কমিশনের সঙ্গে পরামর্শ করে।এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এরশাদের সময়ে সামরিক ফরমান দিয়ে সংবিধানের যেসব সংশোধনী আনা হয়েছে, সেসব বিষয়ে আদালত কোনো নির্দেশনা বা রায় দেননি। তাই সেসব বিষয়ে সরকার এখনই কিছু ভাবছে না।আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, এক-এগারোর পরের জরুরি অবস্থায় সংবিধানের কোনো সংশোধন হয়নি। তবে যদি কোনো নাগরিক মনে করেন যে তাঁর সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব হয়েছে, তাহলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।