বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রাখতে হবে: সেক্টর কমান্ডারস ফোরাম
বাহাত্তরের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূল ভিত্তি অক্ষুন্ন রাখার দাবিতে প্রয়োজনে জাতীয় সংসদের সামনে অনশন কর্মসূচি পালন করবে সেক্টর কমান্ডারস ফোরাম।জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুরে সংবিধান সংশোধন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন ফোরামের সহসভাপতি ও সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম। তিনি আরও বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম, বিসমিল্লাহ ও ধর্মভিত্তিক রাজনীতি—এ তিনটির বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এখন সংবিধানে তা বহাল হলে বা থাকলে তা হবে মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে প্রতারণা। প্রয়োজনে এর বিরুদ্ধে আমরা হরতালের মতো কর্মসূচি দিতেও উদ্যোগী হব।সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ ভুলটি না করার জন্য সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির প্রতি আহ্বান জানান।মতবিনিময় সভায় সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ বীর প্রতীক অভিযোগ করেন, স্বৈরশাসকেরা সংবিধানের মূল চরিত্র হরণ করার পর এই প্রথমবারের মতো সুযোগ এসেছে মুক্তিযুদ্ধের আদর্শে রচিত সংবিধানে ফিরে যাওয়া। কিন্তু কোনো কারণে সরকার গোঁজামিল দিয়ে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম, বিসমিল্লাহ ও ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে। কোনোভাবেই এ অবস্থান মেনে নেওয়া যায় না।হারুন-অর-রশিদ আরও বলেন, যথাশিগগির আমরা সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন কারে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করব।মতবিনিময় সভায় দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য রাখেন।