বাহারি আসবাবের সমাহার
আরাম-আয়েশ আর আভিজাত্য, ঘরের আসবাবে যাঁরা এ দুটি বিষয়কে প্রাধান্য দেন, তাঁরা এখন যেতে পারেন শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এখানে বসেছে জাতীয় ফার্নিচার মেলার দশম আসর। ডাইনিং টেবিল, সোফাসেট থেকে শুরু করে খাট, টেবিল, চেয়ার, রকিং চেয়ার, সেন্টার টেবিল, ওয়্যারড্রব, টিভি ট্রলি, ম্যাগাজিন ট্রলি, আলমারি, শোকেস উপস্থাপিত হয়েছে মেলায়। তার মানে, একটা ঘরে যে যে আসবাব থাকার কথা, তার সবই আছে এখানে।‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’ হচ্ছে এবারের মেলার স্লোগান। তাই আগের বছরের মেলাগুলোর চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে দেশীয় আসবাবের প্রসারে। সে কথাই জানা গেল মেলার আয়োজক বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির কর্তাব্যক্তিদের কাছ থেকে।এবারের মেলায় অংশ নিয়েছে ৭৫টি আসবাব তৈরির প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিটি স্টল দেখেই মনে হচ্ছে, এগুলো যেন আলাদা বেডরুম, অফিস রুম, ডাইনিং রুমে পরিণত হয়েছে। সব প্রতিষ্ঠানের আসবাব একই ছাদের নিচে প্রদর্শিত হওয়ায় সহজেই তুলনা করা যাচ্ছে ভালো-মন্দ। তবে একই নকশার আসবাব কোনোটার দাম কম, আবার কোনোটার দাম বেশি—এমনটাই জানালেন পল্লবী থেকে মেলায় আসা দিবা। তিনি বলেন, ‘এখানে একসঙ্গে সব ধরনের ফার্নিচার দেখতে পাচ্ছি। ডিজাইন কিংবা পছন্দের দিক থেকে কোনটা ভালো, তা সহজে বুঝতে পারছি। এটাই যেকোনো মেলার সবচেয়ে বড় সুবিধা।’ধানমন্ডি থেকে আসা আনিস রব্বানী বলেন, ‘মেলায় অনেক ফার্নিচারই পছন্দ হচ্ছে, কিন্তু বাজেটের সঙ্গে মেলাতে পারছি না।’ লাখ টাকার খাট, সোফাসেট কিংবা আলমারিও মিলছে এখানে। অনেকেই খাটে, সোফাসেটে বসে আরাম-আয়েশের মাত্রাটা বুঝে নিচ্ছেন। মেলা সামনে রেখে নতুন নতুন নকশার সব আসবাবের সমাহার ঘটেছে। কে কত সুন্দর নকশা করতে পারে, তার যেন প্রতিযোগিতা চলছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে। না হলে যেটা দেখা হয়, সেটাই পছন্দ হয় কী করে—এমনটাই বলছিলেন গুলশানের আশফাক চৌধুরী। তাঁর পাশের জন যোগ করেন, ‘সুন্দর ডিজাইন আর ভালো মানের ফার্নিচার তো—দাম একটু বেশি হবেই।’মেলায় নকশা আর নান্দনিকতার মিলন ঘটেছে আসবাবে। ‘প্রতিবছরই মেলায় মূলত নতুন নতুন নকশার ফার্নিচার আনা হয়। মেলায় এসব প্রদর্শিত হয়। আমাদের ফার্নিচার বিভিন্ন অ্যাপার্টমেন্টের সাইজ মাথায় রেখে তৈরি করা হয়।’ বললেন আসবাবপ্রতিষ্ঠান হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।অন্যদিকে অটবির বিক্রয় নির্বাহী শফিউদ্দিন ভূঁইয়ার দাবি, সবার ক্রয়ক্ষমতার মধ্যে রেখেই তাঁদের আসবাব তৈরি হয়। তবে তাঁরা নান্দনিকতার বিষয়টাও মাথায় রাখেন।মেলার বিষয়ে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান বলেন, ‘নিজেদের ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধিসহ বিভিন্ন কাজে প্রতিযোগিতা আনতেই এমন আয়োজন। এতে ফার্নিচারের মান বাড়ছে।’ আর কো-চেয়ারম্যান মুজিবুর রহমান খান দাবি করলেন একটি শিল্পনগর প্রতিষ্ঠার, যেখানে সহজেই ক্রেতারা এসে পছন্দমতো পণ্য কিনতে পারবে। এতে বিদেশে আসবাব রপ্তানির কাজটিও সহজ হয়ে যাবে। কারণ, সেখানে সহজেই আসবাব দেখতে পারবেন বিদেশি ক্রেতারা।নান্দনিক হাজারো আসবাবের মেলায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জমে উঠেছে। তবে মেলায় পছন্দ হলেই আসবাব সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সুযোগ নেই। ফরমায়েশ দেওয়ার পর অপেক্ষা করতে হবে কয়েক দিন। সংশ্লিষ্ট আসবাবপ্রতিষ্ঠানের কর্মীরা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন আসবাব। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে মেলার দুয়ার। আসবাবের এই মেলা শেষ হবে ১১ অক্টোবর।