বাহারি ইফতারসামগ্রীতে জমজমাট চকবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর থেকে যান চলাচল প্রায় বন্ধ। তবু যানজট লেগেই ছিল। চকবাজারে গিয়ে দেখা গেল, মাথার ওপর নানা রঙের শামিয়ানা। বাহারি ইফতারসামগ্রী নিয়ে বসে গেছেন দোকানিরা।চকবাজারের মূল মসজিদের সামনের রাস্তায় অগণিত মানুষ। চারদিকে ক্রেতা-বিক্রেতাদের হই-হুল্লোড় আর হাঁকডাক। ইফতারির বাজারে যথারীতি রমরমা অবস্থা। পুরান ঢাকার ইফতারির আলাদা খ্যাতি আর ঐতিহ্যের কথা অনেকেরই জানা। রমজান মাসের শুরু থেকেই রোজ দুপুরে চকবাজারে ইফতারির যে বাজার বসে, শুধু ইফতারসামগ্রী নিয়ে এমন বাজার দেশের আর কোথাও নেই। ১০০ বছরেরও বেশি সময় থেকে চকবাজারে বসছে এই বাজার।গতকাল বিকেলে দেখা গেল, স্থায়ী-অস্থায়ীনির্বিশেষে সব দোকানেই যথেষ্ট ভিড়। বাতাসে মুখরোচক খাবারের মনকাড়া গন্ধ। হাজারো মানুষ ইফতারি কিনতে এসেছে এখানে। যারা দোকান থেকে বের হচ্ছে, তাদের সবার হাতে ব্যাগভর্তি ইফতার। প্রয়োজনে তো কিনছেই, কেউ আবার কিনেছে নিতান্তই শখের বশে।কী নেই সেখানে? কোয়েল পাখির রোস্ট থেকে শুরু করে পেস্তা বাদামের শরবত, বিশাল শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব, দেড়-দুই কেজি ওজনের জাম্বো সাইজ জিলাপি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও ছাড়াও ছোলা, মুড়ি, ঘুগনি, বেগুনি, আলুর চপসহ শতাধিক উপকরণ। অনেক উপকরণ আছে, যা চলে আসছে সেই মোগল জামানা থেকে। আবার অনেক উপকরণ নতুন সংযোজিত হয়ে বৈচিত্র্য বাড়িয়েছে ঢাকার ইফতারির।দুপুরের আগেই দইবড়া, মোল্লার হালিম, নূরানি লাচ্ছি, পনির, মৌসুমি দেশি-বিদেশি সব ফলে ভরে যায় চক সার্কুলার রোড। স্থানীয় লোকজন জানিয়েছেন, চকবাজারের চারদিকে গতকাল পাঁচ শতাধিক ইফতারির দোকান বসেছিল। তবে এবার সবকিছুর দাম বেড়েছে। এই উচ্চমূল্য শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদেরও ক্ষুব্ধ করেছে।বংশপরম্পরায় চকবাজারের ইফতারির বাজারে বড়া, ডিমের চপ ও জিলাপি তৈরি করেন এনায়েত করিম। তিনি বলেন, ‘ময়দা থেকে শুরু করে প্রতিটি জিনিস বেশি দামে কিনেছি। ফলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এত দামে ক্রেতারা বেশি খাবার কিনতে না-ও পারেন, এই ভেবে ১০ কেজি ময়দা কম বানিয়েছি। যা ভেবেছি তা-ই হয়েছে। এখনো সব জিলাপি বিক্রি হয়নি। অথচ এ রকম চকবাজারে এর আগে কখনো হয়নি। আগে বেলা চারটার মধ্যেই সব খাবার বিক্রি হয়ে যেত।’হাজি শহীদ বাবুর্চির দোকান থেকে ভেসে আসছিল চিৎকার। অতি পরিচিত স্লোগান, দোকানিরা সুর করে বলছেন, ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়!’ দোকানের সামনে প্রচণ্ড ভিড়। শখের বশে ক্রেতারা হুড়োহুড়ি করে কিনছে। পুরান ঢাকার শত বছরের ঐতিহ্যবাহী ইফতারসামগ্রী এটি। কথা বলে জানা গেল, ৩৬ রকমের উপকরণ এবং ১৮ প্রকার মসলা দিয়ে তৈরি হয় এই খাবার। দাম প্রতি কেজি ৩০০ টাকা।চকবাজারে ইফতারির দাম একেক দোকানে একেক রকম। শসা, ধনেপাতা, ছোলা, বুট, শিঙাড়া, সমুচা, নিমকি, আলুর চপ, ঘুগনি, মুড়ি, চানাচুর ও মিষ্টিজাতীয় বিভিন্ন মুখরোচক খাবারের দামেও রয়েছে তারতম্য। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, মুরগির রোস্ট ২০০ থেকে ৩৫০, শিক কাবাব প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা, খাসির রানের রোস্ট ৩০০ থেকে ৬০০, সুতি কাবাব ২০০ থেকে ৪০০ টাকা কেজি, কবুতরের রোস্ট প্রতিটি ১৫০ থেকে ২৩০, কোয়েল পাখির রোস্ট ১০০ থেকে ১২০, কিমা পরোটা প্রতিটি ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা।এক কেজি ওজনের একেকটি শাহি জিলাপি বিক্রি হচ্ছে কোনো কোনো দোকানে ১২০ টাকা কোথাও ১৪০ টাকা। দেড় কেজি ওজনের প্রতিটি শাহি জিলাপির দাম ১৮০ টাকা। দইবড়া প্রতি কেজি ২০০ টাকা। ১৫০ টাকা ও ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুধের তৈরি পানীয় ‘লাবাং’।এ ছাড়া পেঁপে, আতা, আনারস, বিলেতি গাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল, পিঠা-পায়েস, মিষ্টিসহ ইফতারের নানা সামগ্রী বিক্রি হচ্ছে চকবাজারে।দাম যতই বাড়ুক, চকে এখনো ঐতিহ্যবাহী খাবারের জনপ্রিয়তায় তেমন ঘাটতি হয়নি। সেখানে ইফতার কিনতে আসা বাসাবোর আশিকুর রহমান বলেন, পুরান ঢাকার ইফতারির স্বাদই অন্য রকম। প্রতি রোজাতেই আমরা এর স্বাদ নেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না।’