বাহারি পোশাক অক্টোপাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়দিন পর ঈদ। এরই মধ্যে বরিশাল মহানগরের বাজারগুলো বেশ জমে উঠেছে। গত বছরের তুলনায় এবার একটু আগেই জমে উঠেছে মার্কেটগুলো। বরিশাল বিভাগের ছয়টি জেলার মানুষ বিভাগীয় এ শহরে ছুটে আসে ঈদের কেনাকাটা করতে। ক্রেতাদের পছন্দসই সামগ্রী দেওয়ার জন্য বিক্রেতাদেরও রয়েছে রমরমা প্রস্তুতি। নগরের বিভিন্ন বাজার ঘুরে ঈদের নানা রকম আয়োজন দেখা গেছে। নগরের চকবাজার, বাজার রোড, গির্জা মহল্লা, কাঠপট্টি, সদর রোড, ফজলুল হক এভিনিউ, হাসপাতাল রোড, বগুড়া রোড, মহসিন মার্কেটসহ সব বিপণিবিতানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেটে চলছে মাইকিং। ঈদের বাজারে পোশাকের পাশাপাশি প্রসাধনী, ইলেকট্রনিকস, ফার্নিচার, টিভি-ফ্রিজ কেনার প্রতিও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। তবে সোনার দোকানে এবার ভিড় কম।বাহারি পোশাক: বরিশালের প্রায় সব মার্কেটেই চোখ ধাঁধানো এবং নামে-বেনামে মেয়েদের বাহারি পোশাক পাওয়া যায়। নামের দিক থেকে আকৃষ্ট করছে অক্টোপাস, ওয়াকা ওয়াকা, শাকিরা, মোগলে আজম, সাফারিয়া, প্রতিজ্ঞা, সুহানা, আলিফ লায়লা, ক্যাটরিনা, মাই নেম ইজ খান ও বেহুলা। দামের দিক থেকেও এগুলোর আভিজাত্য রয়েছে। ছোটদের থ্রিপিস ৮৫০ থেকে সাত হাজার টাকা এবং বড়দের এক হাজার ২০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত। একইভাবে ছেলেদের শার্ট ৮৫০ থেকে শুরু করে তিন হাজার ২২৫ টাকা, টি-শার্ট ৪১০ থেকে দুই হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে মেয়েদের সাধারণ থ্রিপিস, সুতি, নকশি ও বিভিন্ন সুতি কাপড়ের পোশাকেরও চাহিদা রয়েছে বেশ। এ পোশাকগুলো ৫০০ থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রির শীর্ষে থাকা অক্টোপাস ও ওয়াকা ওয়াকা বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা থেকে ১৬ হাজার ৫০০ টাকায়। সানিয়া মির্জা, মাসাক্কালী, প্রতিজ্ঞা, সুহানা, আলিফ লায়লা, ক্যাটরিনা, বেহুলা বিক্রি হচ্চে ১৫০০ টাকা থেকে সাড়ে ৮ হাজার টাকার মধ্যে। এর পরের চাহিদায় রয়েছে থ্রিপিস, সুতি, সিলড়, নকশী করা ও বিভিন্ন সুতি কাপড়ের পোষাক। এগুলো বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকার মধ্যে।মহিলাদের জন্য বিভিন্ন মার্কেটে বালুচুড়ি, জামদানী, মসলিন, দেশী টাঙ্গাইল, তাঁত প্রিন্ট, সেপ্র প্রিন্ট, হাফ সিলড় কাপড় বেশি চলছে। এসব কাপড় আড়াই হাজার টাকা থেকে ৩২০০০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে টাঙ্গাইল ও তাঁতের বিভিন্ন শাড়ী ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যেও বিক্রি হচ্ছে।কোথায় কী পাবেন: কাঠপট্টি সড়ক: কাপড় কিনে যাঁরা পছন্দসই পোশাক বানাতে চান, তাঁদের ঈদ মার্কেটিংয়ের স্থান কাঠপট্টি। এখানে থান কাপড় ও সিট কাপড়ের দোকানগুলোয় ভিড় একটু বেশি। থান কাপড়ের দোকানে ক্রেতা উম্মে হাবিবা বলেন, ‘নিজের পছন্দমতো কাপড় কিনে ঈদের আগে বানাব, তাই এখানে এসেছি।’ জামান ব্রাদার্স, জুম্মন ব্রাদার্স, এম রহমান, খান ব্রাদার্সসহ সব দোকানেই ভিড়। এসব দোকানে সুতি, চিকেন, জর্জেট, রিভা, সিল্ক কাপড় থাকলেও বেশি চলছে সুতি কাপড়। দেশীয় থ্রিপিসের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিসগুলোর আকর্ষণও বেশ ভালো। থান কাপড়ের ক্ষেত্রে কারুকাজ করা কাপড়গুলোর দিকে ক্রেতাদের ঝোঁক বেশি। দামের ক্ষেত্রে গজপ্রতি ৪০ টাকা থেকে ওপরে ৫০০ টাকা পর্যন্ত এবং থ্রিপিস সেট ৬০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আছে। সৈয়দ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সৈয়দ রুবেল বলেন, এখন প্রিন্টের কাপড় বেশি চলছে।চকবাজার: বরিশালে বড় ধরনের শপিং কমপ্লেক্স না থাকায় ক্রেতাদের বেশির ভাগই ভিড় করেন চকবাজার ও হেমায়েতউদ্দিন সড়কের মার্কেটগুলোয়। সবচেয়ে বেশি ভিড় তৈরি পোশাকের দোকানগুলোয়। ছোট-বড় সব দোকানেই কেনাবেচার ধুম। এখানে রয়েছে রকমারি পোশাক, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও জুতা থেকে শুরু করে সব ধরনের সামগ্রী। এখানকার এম রহমান, তাইতি ফ্যাশন, স্বদেশি, সোনিয়া ফ্যাশন, কুণ্ডেশ্বরী, মডার্ন ফ্যাশনসহ সব দোকানেই সব বয়সের মানুষের জন্য বাহারি আয়োজন রয়েছে।হেমায়েতউদ্দিন সড়ক: এখানে ভেনাস, জহুরা মার্কেট, ইসলামিয়া মার্কেট, মাহমুদিয়া মার্কেটসহ ছোট-বড় বেশ কয়েকটি মার্কেট রয়েছে। এখানকার প্রায় সবই তৈরি পোশাকের দোকান। এর বাইরেও রয়েছে কয়েকটি শাড়ির দোকান। জাহান স্টাইলের হারুন অর রশিদ বলেন, ‘এখানে ছেলেদের জিনস প্রান্ট, শার্ট, বিভিন্ন ডিজাইনের শর্ট পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদের জন্য সানিয়া মির্জা, মাসাককালি, শাকিরা, মাই নেম ইজ খান প্রভৃতি পোশাক বেশি চলছে।’ নেক্সট প্লাস, দোয়েল, সজনী, চৈতী ফ্যাশনসহ সব দোকানেই দেশি ও বিদেশি রকমারি আয়োজন রয়েছে। জিনস প্যান্ট ৭৫০ থেকে পাঁচ হাজার, টি-শার্ট ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকা, শিশুদের পোশাক ৪৫০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। মেয়েদের পোশাকগুলো প্রায় সবই ভারতের তৈরি বলে জানান এখানকার বিক্রেতারা। এ কারণে দামও একটু বেশি। মেয়েদের থ্রিপিস এক হাজার ২০০ থেকে এক হাজার ৬৫০ টাকার মধ্যে।মহসিন মার্কেট: সাধারণ মানুষের কেনাকাটার জন্য আদর্শ স্থান মহসিন মার্কেট। এখানের সব পোশাকেরই দাম কম, তাই মানুষের ভিড়ও বেশি। দেশি পোশাকের বাইরেও রয়েছে বিদেশি শার্ট, প্যান্ট ও নানা ধরনের টি-শার্ট। ভারতীয় বিভিন্ন নামের পোশাকও এখানে পাওয়া যায়। তবে তা সবই দেশি কাপড়ে তৈরি হওয়ায় দামও কম। ২০০ থেকে শুরু করে এক হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে শার্ট ও জিনসের নানা রঙের প্যান্ট, ১৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে টি-শার্ট। মেয়েদের সানিয়া মির্জা, মাসাককালি পাওয়া যাচ্ছে ৭০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া রয়েছে জুতা, পাঞ্জাবি, টুপি ও অন্য সামগ্রী। পারফেক্ট শাড়ি হাউস: নগরের সদর রোডে শুধু দেশি শাড়ি নিয়ে পারফেক্ট ক্রেতাদের আকৃষ্ট করতে পেরেছে। রোজা শুরু থেকে প্রতিদিনই এখানে ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। এখানে টাঙ্গাইল, তাঁতপ্রিন্ট, স্প্র্রেপ্রিন্ট, হাফসিল্ক, জামদানি ও মসলিন কাপড় পাওয়া যায়। এখানকার বিক্রেতা রীনা পারভীন জানান, দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। গত বছরের চেয়ে এ বছর বিক্রির অবস্থা অনেক ভালো। ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকার শাড়িই বেশি চলছে। তবে বেশি চলছে তাঁতপ্রিন্ট, জামদানি, টিস্যু ও মসলিন। এসব শাড়ি ৩০০ থেকে শুরু করে সাত হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফুরসত নেই দর্জিদের: কাপড় কিনে পোশাক তৈরির কারণে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরের দর্জিরা। দর্জির দোকানের মালিক কিংবা শ্রমিক কারও কথা বলার ফুরসত নেই। নগরের কাঠপট্টি রোডের ব্যস্ততম দর্জির দোকান স্মৃতির মাস্টার বিকাশ মালাকার বলেন, ‘আর দু-একদিন পর অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হবে।’ শিল্পী টেইলার্সের মাস্টার মো. সবুজ চৌধুরী, নিউ তৃপ্তি টেইলার্সের সমীর দত্তসহ অন্যরাও একই ধরনের কথা বলেন। কোথায় কী কিনবেন: প্রধান প্রধান মার্কেটের বাইরেও বাজার রোডে কাপড়ের পাইকারি কেনাবেচা হয়। চকবাজার ও হাসপাতাল রোডে জুতার দোকান রয়েছে। টুপি, জায়নামাজ ও আতর কেনার জন্য গির্জা মহল্লা, বগুড়া রোডে সাজরিনি সুপার মার্কেটে প্রসাধনী সামগ্রী ছাড়াও তৈরি পোশাক ও জুতা পাওয়া যায়। পদ্মাবতী রোডে মসারি ও পর্দার কাপড়, ফজলুল হক এভিনিউ সড়কে রয়েছে কয়েকটি তৈরি পোশক ও থান কাপড়ের দোকান। এ ছাড়া নগরের নতুন বাজার, বাংলাবাজার, রূপাতলী, নথুল্লাবাদের বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকেও ঈদের কেনাকাটা করা যায়।ক্রেতাদের বক্তব্য: সদর রোড পারফেক্ট টেক্সটাইল থেকে ছয় হাজার টাকা দামের একটি শাড়ি কিনেছেন খালেদা বেগম। তিনি বলেন, ‘এবার বাজারে শাড়ির দাম বেশি হলেও ব্যতিক্রমী ডিজাইন পাওয়া যাচ্ছে।’ নাসরা শারমিন বলেন, ‘ছোট ভাইয়ের জন্য পোশাক কেনা হয়েছে। নিজের জন্য শাকিরা কেনার ইচ্ছা। সাড়ে পাঁচ হাজার টাকা চেয়েছে। অত টাকা আনা হয়নি আপাতত চলে যেতে হচ্ছে।’ ক্রেতা সাহিদা আক্তার বলেন, ‘গত বছরের চেয়ে এবার পোশাকের মূল্য অনেক বেশি।’ হেমায়েতউদ্দিন সড়কে সুমি ফ্যাশনে ফাতেমা বেগম বলেন, ‘আজ স্বামীর শার্ট কেনার জন্য মার্কেটে এসেছি। দাম অনেক বেশি, তারপরও মেয়েদের জন্য ওয়াকা ওয়াকা ড্রেসসহ তিন ধরনের তিনটি পোশাক কিনে দিয়েছি।’বিক্রেতাদের বক্তব্য: নেক্সট প্লাসের মালিক রতন চৌধুরী বলেন, ‘মালের দাম বেশি হওয়ায় ক্রেতারা ইচ্ছা অনুযায়ী কিনতে পারছেন না। তবে এ বছর পোশাকে বৈচিত্র্য আছে।’ একই ধরনের কথা জানান চকবাজারের এম আলীর মালিক সাইদুর রহমান। ভেনাস মার্কেটের সুমি কালেকশনের বিক্রেতা মো. আনোয়ার বলেন, ‘মালের দামে কাস্টমাররা হিমশিম খাচ্ছেন। অনেকেরই বাজেটের সঙ্গে মিল থাকছে না। তারপরও এ বছর বিক্রি খুবই ভালো। তবে ২০ রোজার পর বিক্রি আরও বাড়বে।’ চকবাজারের স্বদেশি মালিক মৃণাল কান্তি সাহা বলেন, এ বছর গতানুগতিক ধারার বাইরে শাড়ি এসেছে। সবচেয়ে বেশি চলছে দেশি শাড়ি। এর পাশাপাশি ভারতীয় শাড়িও কিছু কিছু চলছে। গত বছরের চেয়ে বিক্রি ভালো এবং দামের দিক থেকে এ বছর প্রতিটি শাড়িতে শতকরা ২০ ভাগ বেড়েছে। নগরের গির্জা মহল্লার প্রসিদ্ধ শাড়ির দোকান চৈতীর মালিক মহিউদ্দিন আহম্মেদ বলেন, এ বছর দেশি শাড়ি বেশি চলছে। বিশেষ করে টাঙ্গাইলের নীল কমল, জামদানি, ব্লক ও কোটা শাড়ি বেশি চলছে। জর্জেটের চেয়ে মানুষ এ বছর সুতির দিকে বেশি ঝুঁকছে। তারপরও ফানা ও মাসাককালি, তসর, কাদোয়ান ও কাশ্মীরি বেশি চলে।