বাহুবল মাধ্যমিক শিক্ষা অফিস চলছে গার্ড ও পিয়ন দিয়ে
বাহুবল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম চলছে একজন গার্ড ও একজন পিয়ন দিয়ে। ছয় মাস ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অফিস সহকারীর পদটিও শূন্য। ফলে গুরুত্বপূর্ণ এ কার্যালয়টির অধীনে উপজেলার দুটি কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি দাখিল মাদ্রাসার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাপ করে জানা যায়, ছয় মাস আগে তৎকালীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমদ বদলি হওয়ায় এ পদটি শূন্য হয়ে যায়। আজ পর্যন্ত এ পদে কোনো কর্মকর্তা নিয়োগ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাভাবিক গতি হারাচ্ছে, বিশেষ করে উপবৃত্তি, ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি বইপত্র বিতরণ, জাতীয় পর্যায়ের তথ্য আদান-প্রদান ও সঠিক দিকনির্দেশনার অভাব প্রকট আকার ধারণ করেছে।মিরপুর দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন আহাম্মদ বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় সঠিক নির্দেশনার অভাবে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যাঘাত ঘটছে।’পুঁটিজুরী শরত্চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘প্রায়ই জরুরি কোনো তথ্য সঠিক সময়ে পাচ্ছি না এবং দিতেও পারছি না; কিংবা কোনো তথ্য দিলেও মাঝেমধ্যে জেলা কার্যালয় থেকে ফিরে আসছে সঠিক নির্দেশনার অভাবে।’বাহুবল সদরে অবস্থিত দীননাথ ইনস্টিটিউশন সাতকাপনের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়া বলেন, ‘উপজেলার ৮৩০ জন ছাত্রছাত্রী এখনো সরকারি বইপত্র পায়নি। অথচ প্রথম সাময়িকী পরীক্ষা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় এ ব্যাপারে কিছুই করতে পারছি না। এ বিষয়ে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার সময় মারাত্মক ব্যাঘাত ঘটে। এ ছাড়া জরুরি সরকারি বিভিন্ন কাগজপত্রও সময়মতো পাওয়া যাচ্ছে না। তিনি এবং প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দ্রুত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের আহ্বান জানান।’বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় বাহুবলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলেছি।’জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগের কর্মকর্তা কুমিল্লার মেঘনা উপজেলায় কাজ করলেও বেতনভাতা নিচ্ছেন বাহুবল থেকে। তাই এখানে আপাতত কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না। কেন এমন হলো প্রশ্ন করলে তিনি বলেন, ‘এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। তবে শিক্ষাক্ষেত্রে যে বাহুবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি তা স্বীকার করেন।