বাহুবলে জলমহাল ইজারা প্রদানে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। উপজেলার বিরুয়া জলমহালের সর্্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে দ্বিতীয় দরদাতাকে ইজারা দেওয়ার অভিযোগ আনা হয়েছে দরপত্রে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে।অভিযোগে জানা গেছে, হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন গত ১৮ নভেম্বর উপজেলার ছোট-বড় ৩৬টি জলমহাল ১৪১৭ বাংলা সালের জন্য ইজারা দরপত্র আহ্বান করে। এতে ওই দিন ৫৩ জন দরদাতা অংশ নেন। জলমহালগুলোর মধ্যে আলোচিত বিরুয়াবিলের সর্্বোচ্চ দরদাতা নির্বাচিত হন এলাকার কাজল মিয়া নামের এক ব্যক্তি।তিনি এ জলমহালের দর নির্ধারণ করেন ৬২ হাজার টাকা। দরপত্র জমা শেষে একই দিন বিকেলে দরপত্র খোলা শেষে পাঁচ সদস্যের উপজেলা দরদাতা কমিটি বিরুয়াবিলের সর্্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত করেন কাজল মিয়াকে। এ হিসেবে তাঁর কাছ থেকে দরপত্র আহ্বানকারী কমিটির সদস্য উপজেলা সমবায় কর্মকর্তা জেবুননেছা খানম দরদাতার কাছ থেকে ১৫ হাজার টাকা দরপত্র বাবদ অগ্রিম নেন।এদিকে দরপত্র গ্রহণের দুই সপ্তাহ চলে গেলেও সর্্বোচ্চ দরদাতাকে কাগজপত্র বুঝিয়ে দিচ্ছেন না দরপত্র আহ্বানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচিত দরদাতা কাজল মিয়া এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) কমিটির সব সদস্যের সঙ্গে কথা বললে তাঁকে স্পষ্টভাবে কেউই কিছু বলছেন না। এ নিয়ে তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়।দরদাতা কাজল মিয়া বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। তবে যতটুকু জানি, বাহুবল উপজেলার সরকারদলীয় একজন জনপ্রতিনিধি ও প্রভাবশালী নেতার বাধার কারণে আমাকে এ জলমহাল বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এমনকি এ দরপত্রে অংশ নেওয়া দ্বিতীয় দরদাতাকে বিরুয়াবিলটি দেওয়ার জন্য ক্ষমতাসীন দলের এই নেতা চাপ দিচ্ছেন।’ কাজল মিয়া আরও বলেন, ‘বিরুয়াবিলের ক্ষেত্রে সর্্বোচ্চ দরদাতা হওয়ার কারণে কমিটির আহ্বায়ক উপজেলা সমবায় কর্মকর্তা আমার কাছ থেকে অগ্রিম ১৫ হাজার টাকা নেন। এমনকি এ টাকার কোনো রসিদ আমাকে দেওয়া হয়নি। রসিদ চাইলে দিই-দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন।এ বিষয়ে উপজেলা খাস আদায় ও দরপত্র আহ্বান কমিটির আহ্বায়ক (উপজেলা সহকারী কমিশনারের অনুপস্থিতিতে) উপজেলা সমবায় কর্মকর্তা জেবুননেছা খানম বলেন, ‘যে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। আমার জানামতে দরপত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি। টাকা নেওয়ার বিষয়টিও অসত্য। কারণ সরকারি কাজে সবকিছুর রসিদ দেওয়া হয়।’ এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চৌধুরী জানান, এ জলমহালগুলো খাস আদায়ের জন্য এক বছরের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর আগে তিনবার দরপত্র আহ্বান করলেও প্রকৃত মৎস্যজীবী বা ইজারাদার না পাওয়ায় খাস আদায়ের জন্য এক বছরের জন্য এ দরপত্র আহ্বান করা হয়। এতে কোনো ধরনের অনিয়মের অভিযোগ তিনি পাননি বলে জানান।