বাহুবলে সরকারি স্কুল-কলেজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কোনো সরকারি স্কুল-কলেজ নেই। ফলে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৭৫টি সরকারি প্রাথমিক, ২২টি বেসরকারি প্রাথমিক, চারটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডারগার্টেন, ১০টি মাদ্রাসা, ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি বেসরকারি কলেজ রয়েছে। কিন্তু উপজেলায় কোনো সরকারি কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় নেই। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশেরই অবকাঠামো, শিক্ষা-উপকরণ ও শিক্ষক সংকট রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মানসম্মত পড়াশোনা হয় না। তারপরও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা। বাহুবল সদর গ্রামের বাসিন্দা ও একটি কলেজের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, উপজেলায় সরকারি স্কুল-কলেজ না থাকায় ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। উপজেলার ভুলকোট গ্রামের বাসিন্দা মো. জাবেদ আলী জানান, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ব্যবহারিক ক্লাস না করেই পরীক্ষা দিচ্ছে। আবার কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নামমাত্র ব্যবহারিক ক্লাস হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কয়েকটি স্কুলের কয়েকজন এসএসসি পরীক্ষার্থী নামপ্রকাশ না করার শর্তে জানায়, ফেব্রুয়ারির এক তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু এখনো তাদের কোনো ব্যবহারিক ক্লাস হয়নি। বাহুবল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্পাদক মো. জসীমউদ্দিন বলেন, আশির দশকে রাজনৈতিক বিবেচনায় দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়। সে সময় বাহুবলে উল্লেখযোগ্য কোনো নেতা না থাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়নি। তিনি বাহুবলে অন্তত একটি কলেজ ও একটি স্কুল সরকারিকরণের দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিষয়টি সরকারের নজরে আনা হবে।